বালু উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয়, সাড়ে পাঁচ হাজার ঝাউগাছ মৃত্যুর মুখে
ঝুঁকিতে পারকি সৈকত
কর্ণফুলী নদীর দক্ষিণ পারে পারকি সমুদ্রসৈকত দুই বছরে অন্তত তিন-চার ফুট দেবে গেছে। এতে সৈকতসংলগ্ন সাড়ে পাঁচ হাজার ঝাউগাছ মৃত্যুঝুঁকিতে পড়েছে। গোড়া থেকে মাটি সরে যাওয়ায় ইতিমধ্যে অন্তত ৫০০ গাছ মরে গেছে।বন বিভাগ সূত্র বলছে, ঝুঁকিতে থাকা গাছগুলোর বয়স আট থেকে ১৮ বছর। উচ্চতা ৪০ থেকে ৭০-৮০ ফুট পর্যন্ত। সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাস থেকে আনোয়ারা উপজেলাসহ আশপাশের উপকূলকে রক্ষার জন্য ১৯৯২ ও ২০০২ সালে প্রায় ৭৮ হেক্টর এলাকায় এসব গাছ লাগানো হয়।বন বিভাগের কর্মকর্তা ও পরিবেশবিদেরা জানান, সৈকতসংলগ্ন জায়গা থেকে দুই বছর ধরে খনন করে ব্যাপকভাবে বালু তুলে নেওয়ায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পরিচালকের দায়িত্বে থাকা সহকারী পরিচালক তাজমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিদর্শক সরেজমিন ঘুরে একটি প্রতিবেদন দিয়েছেন। এতে বলা হয়, ড্রেজিংয়ের কারণে সৈকতের বিভিন্ন জায়গা তিন-চার ফুট দেবে গেছে।’জানা যায়, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নামের একটি প্রতিষ্ঠান নিজেদের নিচু জমি ভরাট করার প্রয়োজন দেখিয়ে বঙ্গোপসাগরের মোহনা থেকে পাঁচ লাখ ঘনফুট বালু তোলার অনুমতি নেয় ২০০৯ সালে। কিন্তু এই অনুমতি এখন আর কার্যকর নেই। গত বছর সংসদে পাস হওয়া পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। তা ছাড়া ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালায় এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তাঁরা এ ধরনের কোনো ছাড়পত্র দেননি।চট্টগ্রাম বন বিভাগের (উত্তর) বিভাগীয় কর্মকর্তা সুনীল কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘সৈকতসংলগ্ন সমুদ্র থেকে ব্যাপকহারে বালু তোলার কারণে গাছের গোড়ার মাটি সরে যাচ্ছে। ফলে গাছগুলো কাত হয়ে দ্রুত মরে যাচ্ছে। প্রতি মাসে আমরা এ ধরনের কিছু না কিছু মরা গাছ নিলামে বিক্রি করছি।’ এ পর্যন্ত অন্তত ৫০০ মরা গাছ বিক্রির কথা তিনি স্বীকার করেন।চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের মোহনার কাছে এই সৈকতের অবস্থান। পারকি সমুদ্রসৈকত দেখতে পতেঙ্গা ও কক্সবাজার সৈকতের মতো। পারকিতে বাড়তি সুবিধা হচ্ছে, ঝাউবনের আড়াই কিলোমিটার দীর্ঘ ছায়ায় বসে সাগরের জোয়ার-ভাটার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায়।সৈকতের উত্তর পাশে দেখা গেল, উপকূল থেকে ৩০০-৪০০ ফুট দূরত্বের মধ্যে একটি ড্রেজার দিয়ে সাগরের বালু তোলা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা বসুন্ধরাকে বালু তোলার কোনো অনুমোদন দিইনি। তারা অন্যায়ভাবে বালু তুলে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। তাদের ড্রেজার আটক করার জন্য আমরা বন্দর ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছি।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দলিলপত্রে দেখা যায়, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে পাঁচ লাখ ঘনফুট বালু তোলার অনুমতি নেয় ২০০৯ সালে। এ কাজ স্থানীয় চারটি প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: পারকি এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানের নেতৃত্বাধীন আল হাসান সিন্ডিকেট, প্যাসিফিক মেরিন সার্ভিস, পিএইচ মেরিন সার্ভিস ও কামাল অ্যান্ড ব্রাদার্স।বন্দর সূত্র জানায়, এই চার প্রতিষ্ঠান ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১০ সালের মার্চ পর্যন্ত প্রায় আট লাখ ঘনফুট বালু তোলে। পিএইচপি মেরিন সার্ভিস একাই দুই লাখ ঘনমিটার বালু তুলেছে বলে এই প্রতিষ্ঠানের মালিক ক্যাপ্টেন হাফিজ প্রথম আলোর কাছে স্বীকার করেন।বসুন্ধরার বক্তব্য: পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে বালু তোলার বিষয়টি স্বীকার করেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক এনামুল গোফরান চৌধুরী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বন্দর যেখানে কোটি কোটি টাকা খরচ করে ক্যাপিটেল ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলছে, সেখানে আমরা উল্টো বন্দরকে টাকা দিয়ে বালু তুলছি। গত দুই বছর নিজেদের ড্রেজার না থাকায় চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বালু তোলা হয়েছে। কত বালু তোলা হয়েছে, সেটা বন্দরই হিসাব করে দিয়েছে।’পাঁচ লাখ ঘনমিটারের অনুমোদন নিয়ে আরও বেশি বালু তোলার প্রসঙ্গে এনামুল গোফরান চৌধুরী বলেন, ‘আমরা বন্দরকে রয়্যালটি দিয়েছি কত ফুট ব্যাসের মোট কয়টা ড্রেজার ব্যবহার করেছি, সেটার ভিত্তিতে। কাজেই বেশি বালু তুললেও তাতে আর্থিকভাবে বন্দর ক্ষতিগ্রস্ত হয়নি।’ গোফরান বলেন, ‘ওই এলাকায় ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ার বিষয়টি আমরা জানি। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের সতর্ক করা হয়েছে। আমরা বলেছি, সেখানে কোনো আবাসন প্রকল্পের জন্য নয়, একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য বালু তোলা হচ্ছে। এতে অনেক লোকের কর্মসংস্থান হবে।’সরেজমিন: গত রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত পারকি সমুদ্রসৈকত এলাকার উত্তর-দক্ষিণে ঘুরে দেখা গেছে, ছোট-বড় কয়েক হাজার ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে গেছে অন্তত তিন থেকে চার ফুট। সুউচ্চ এসব গাছ জালের মতো বিস্তৃত শিকড়ের ওপর কোনোমতে দাঁড়িয়ে আছে।গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিজ্ঞান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক আল আমীন প্রথম আলোকে বলেন, ঝাউগাছের শিকড় অনেক গভীরে বলে হয়তো এগুলো এখনো টিকে আছে। কিন্তু এভাবে কোনো গাছই বেশি দিন বাঁচে না। কারণ, যেকোনো গাছকে সোজা করে দাঁড়িয়ে রাখার মূল ভিত্তিই হচ্ছে গোড়ার মাটি। মাটি সরলে গাছ কাত হবে, যা গাছের মৃত্যুর প্রধান কারণ।এলাকা ঘুরে দেখা যায়, সৈকতের উত্তর পাশে যেখানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে, সেখানে গাছের মৃত্যুর হার বেশি। অনেক গাছ কাত হয়ে আছে। আবার কাত হয়ে মারা যাওয়া কিছু গাছ কেটে নেওয়ায় বড় বড় গুঁড়ি আর শিকড়ের জাল পড়ে আছে এখানে-সেখানে। এই এলাকার সৈকতের বেলাভূমিতে অনেক খাল ও ছোটখাটো ডোবার মতো সৃষ্টি হয়েছে, আগে যা ছিল না।