ঝুঁকিতে ভবন, আতঙ্কে রাজধানীবাসী
১৮ সেপ্টেম্বরের ভূমিকম্পে কেঁপে উঠে পুরো দেশ। ভয়টা বেশি ছিল ঢাকার বাসিন্দাদের মধ্যে। কেননা, এই নগরে রয়েছে অসংখ্য অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবন। নিজের বাড়ি নিরাপদ, কিন্তু প্রতিবেশীর বাড়ি যদি ঝুঁকিপূর্ণ হয়; অনিরাপদ ভবনটি নিরাপদ ভবনে ধসে পড়লে বিপদ থেকে বাঁচবে না কেউ। ঝুঁকিপূর্ণ ভবন থেকে নগরবাসীকে রক্ষায় কর্তৃপক্ষ কী করছে? এসব নিয়ে এই প্রতিবেদন। লিখেছেন মিল্লাত হোসেন ও আজহার হোসেনঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন কত?খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা নগরে তিন লাখ ২৬ হাজার ভবন আছে। এর মধ্যে এক লাখ ৪০ হাজার ভবনে রড ব্যবহার করা হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রতিবছর প্রায় তিন হাজার ভবন নির্মাণের অনুমোদন দেয়। এর মধ্যে প্রায় এক হাজার ভবনই আইনবিধি মেনে নির্মিত হয় না।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তথ্যানুযায়ী, ২০০৪ সালের দিকে তাদের প্রাথমিক একটি জরিপে নগরের ২৬ হাজার বাড়ি ও মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পরে কারিগরি সমীক্ষার মাধ্যমে তারা নগরের ৫৮৫টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ওই কার্যক্রমের ধারাবাহিকতায় ২০০৯ সালে ডিসিসি পুরান ঢাকার শাঁখারীবাজার ও বীরেণ বোস লেনের ১১৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এদিকে রাজউকের জরিপ অনুযায়ী, নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ৩২১টি।দায় কাররাজউক সূত্রে জানা যায়, ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত নগরে প্রায় অর্ধশত ভবন ধসে বা হেলে পড়ার ঘটনার হিসাব আছে তাদের কাছে। এর মধ্যে বড় দুর্ঘটনা রয়েছে আটটি।তবে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা কিংবা ঝুঁকিমুক্ত করার দায়িত্ব কার? এই প্রশ্নে মুখোমুখি অবস্থান নিয়েছে ডিসিসি ও রাজউক। ডিসিসির কর্মকর্তাদের দাবি, একটি ভবনের নকশা অনুমোদন থেকে শুরু করে তা নির্মাণের সব প্রক্রিয়া তদারকের দায়িত্বে রাজউক। অথচ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কিংবা তা ঝুঁকিমুক্ত করার কথা ভবনমালিকদের বলতে হয় ডিসিসিকে।এ বিষয়ে রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) গোলাম মোস্তফা বলেন, ডিসিসি অধ্যাদেশ অনুযায়ী, ডিসিসির আওতাধীন এলাকার ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কিংবা সংরক্ষণের বিষয়টি দেখার দায়িত্ব ডিসিসির। তাই এসব ক্ষেত্রে রাজউকের কিছু করার থাকে না। এদিকে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, রাজউকের কাছ থেকে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পেয়ে বাড়ির মালিকদের ভবন ভাঙা কিংবা ঝুঁকিমুক্ত করার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তখন বেশ কিছু বাড়ির মালিক পাল্টা অভিযোগ করেন, রাজউক থেকে তাঁরা নকশা পাস করিয়ে এবং যথাযথ অনুমোদন নিয়ে বাড়ি করেছেন।সিরাজুল ইসলাম আরও বলেন, ভবন নির্মাণ, সংস্কার, সংরক্ষণ, ঝুঁকিমুক্ত করার প্রভৃতি কাজ একই সরকারি সংস্থার তদারক করা উচিত। এখন সীমিত সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব ডিসিসি কাজ করে যাচ্ছে।উভয় সংকটে ডিসিসিডিসিসি সূত্রে জানা গেছে, ২০০৪ সালে তারা নগরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে, যাতে অনেক ঐতিহ্যবাহী ভবনও আছে। ডিসিসি পরে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার জন্য ভবনের মালিকদের চিঠি দিয়েছিল। এদিকে, ২০০৯ সালে রাজউক আবার ডিসিসিকে চিঠি দিয়ে জানায়, নগরের ৯৩টি স্থাপনা ও চারটি অঞ্চলকে ঐতিহ্যবাহী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো সংরক্ষণ করার কথা নগরবাসীকে জানাতে হবে।এ বিষয়ে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী ভবন কিংবা সংরক্ষিত এলাকার ক্ষেত্রে ডিসিসি এখন সংশ্লিষ্ট ভবন না ভেঙে ঝুঁকিমুক্ত করার জন্য বাড়ির মালিকদের নোটিশ দিচ্ছে।একই প্রসঙ্গে রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) গোলাম মোস্তফা বলেন, ঐতিহ্যবাহী ভবন সংস্কারের মাধ্যমে ঝুঁকিমুক্ত করতে একটি উদ্যোগ প্রাথমিক অবস্থায় আছে।