ঝুঁকিপুর্ণ ঘরে পাঠদান
বিদ্যালয় ভবন নেই। ভাঙা টিনের ঘর, শ্রেণীকক্ষ অপ্রতুল, বেঞ্চের অভাবে রংপুরের কাউনিয়া উপজেলার তেলীপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। ২২ নভেম্বর বিদ্যালয়ে গিয়ে এ তথ্য জানা যায়। উপজেলা সদর থেকে মাত্র ৪ কিমি দূরে অবস্থিত বিদ্যালয়টি। ভাঙাচোরা টিনের দোচালার বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষের অভাবে শিক্ষকদের অফিসেও চলছে পাঠদান। আলাদা শ্রেণীকক্ষ না থাকায় বিভিন্ন শ্রেণীর পাঠদান চলছে একই কক্ষে। প্রয়োজনীয় বেঞ্চের অভাবে ঠাসাঠাসি করে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। একপাশে কিছু ছেলেমেয়ে হইচই করছে, অন্য পাশে পাঠদান চলছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী রুপালি রানী বলে, ‘একসাথে কয়েকটা ক্লাস হওয়ায় হইচইয়ে আমরা কিছুই বুঝতে পারি না।’ তৃতীয় শ্রেণীর শামীম, মিনারা জানায়, ‘বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। তখন আমরা ক্লাস করতে পারি না।’ সহকারী শিক্ষক নাসরীন সুলতানা বলেন, আলাদা শ্রেণীকক্ষ না থাকায় একসঙ্গে বিভিন্ন ক্লাসের পাঠদানে সমস্যা হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়ায় মনোনিবেশ করতে পারে না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র সরকার বলেন, অবকাঠামো সমস্যা, বেঞ্চ ও শ্রেণীকক্ষ সংকটে বিদ্যালয়ে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে।প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ২০০২ সালে এলাকার কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ শিক্ষক নিয়ে বিদ্যালয়টি স্থাপন করা হয়। সেই সময় থেকে টিনের একটি দোচালা ঘরে শিক্ষকেরা পাঠদান করে আসছেন। টিনের ঘরটি ঝড়ে বিধ্বস্ত হলে শিক্ষক এবং এলাকার লোকজনের সহযোগিতায় মেরামত করা হয়। বিদ্যালয়টিতে ভবন নির্মাণের জন্য শিক্ষা কার্যালয়ে আবেদন করেও কাজ হচ্ছে না। ভাঙা টিনের ঘরেই ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হচ্ছে। বর্তমানে এখানে শিক্ষার্থী সংখ্যা ১৬৫। ছাত্র অনুপাতে বেঞ্চ নেই। মাত্র ১৬ জোড়া বেঞ্চ রয়েছে। ল্যাট্রিনও অকেজো। সামান্য বৃষ্টিতে ছাদ চুয়ে পানি পড়ে। তখন পাঠদান অসম্ভব হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন হোসেন জানান, বিদ্যালয়টির ভবন নির্মাণের প্রস্তাব উপজেলা শিক্ষা কমিটির সভায় পাস হয়েছে। বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হবে। বরাদ্দ এলে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হবে।