ঝুঁকিপূর্ণ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অস্ত্র ও বোমাসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন জিনিস বহনের অভিযোগে ইয়ংদা হুয়াং হ্যারিস (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হাজির করার কথা। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গত শুক্রবার হ্যারিসকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর পোশাকের নিচে গুলি ও আগুনরোধী ব্যবস্থা ছিল। হ্যারিসের ব্যাগ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেছে।কর্মকর্তারা জানান, মালামালের ভেতরে রাখা এসব অস্ত্র নিয়ে হ্যারিসের জাপান থেকে বোস্টনের দিকে যাওয়ার কথা ছিল। লস অ্যাঞ্জেলেসে তাঁর যাত্রাবিরতি পড়েছিল। এ সময় তাঁর অদ্ভুত পোশাক দেখে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। পরে বিমানবন্দরের শুল্ক ও সীমান্ত টহল বিভাগের কর্মীরা তাঁর মালামালের ব্যাগ পরীক্ষা করে দেখেন। এ সময় হ্যারিসের ব্যাগ থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়, যা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।হ্যারিস বোস্টনের বাসিন্দা ছিলেন। সম্প্রতি চাকরির জন্য তিনি জাপানে বাস করতে শুরু করেন।