নিচতলার ছাদে একাধিক ফাটল। পলেস্তারাসহ কংক্রিটের ঢালাই খসে খসে পড়ছে। ছাদ ও গ্রেট বিমের রডগুলো মরিচা ধরে দুর্বল হয়ে যাচ্ছে। চুনকাম বলতে কিছুই নেই। বৃষ্টি হলে ছাদ দিয়ে ভেতরে পানি ঢুকে ভিজে নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের চিকিৎসক ও রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে একাধিকবার। এ অবস্থার মধ্যেই ১০০ শয্যাবিশিষ্ট নড়াইল সদর হাসপাতালের একতলার ছাদের ওপর শুরু করা হয় দ্বিতীয় তলার নির্মাণকাজ। তা-ও আবার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে নড়াইল জেলায় রূপান্তরিত হলে এই একতলা ভবনে ৫০ শয্যা নিয়ে কার্যক্রম শুরু হয় সদর হাসপাতালের। তখন ভবনটিতে ইটের গাঁথুনির ওপর ঢালাই ছাদ দেওয়া ছিল। রড ও কংক্রিটের ঢালাই করা থাম (কলাম) দেওয়া হয়নি। এই ভবনের ওপরই ২০০৫ সালে দ্বিতীয় তলা নির্মাণের কাজ শুরু হয়। ২০০৬ সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অফিসকক্ষের ছাদের বিভিন্ন অংশে যেখানে মরিচা ধরা রড বেরিয়ে ছিল, খসে পড়া অংশটুকু নতুন পলেস্তারায় ঢেকে দেওয়া হয়েছে। অফিসকক্ষগুলোর অবস্থা এতই খারাপ যে সেখানে বসে কাজকর্ম করা খুবই ঝুঁকিপূর্ণ।হাসপাতালের প্রধান সহকারী মাহাফুজুর রহমান জানান, আগে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ত। অফিসে বসে কাজ করা যেত না। বিভিন্ন ফাইল ও রেকর্ডপত্র ভিজে নষ্ট হতো। কম্পিউটার থাকা সত্ত্বেও ভিজে যাওয়ার ভয়ে এবং ঝুঁকিপূর্ণ ছাদ হওয়ার কারণে কাজ বন্ধ রাখা হতো। একতলা ছাদের ওপর এখন দোতলা ভবন নির্মাণ করে ছাদ দেওয়ায় পানি পড়া বন্ধ হয়েছে ঠিকই, তার পরও ঝুঁকি থেকে যাচ্ছে। তিনি দাবি করেন, ছাদের ফাটল মেরামত করতে নিজেদের টাকা ব্যয় করতে হয়েছে। ১০০ শয্যার নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জিত সাহা বলেন, ছাদের যে অবস্থা, তার ওপর দোতলা ভবন নির্মাণ কতটুকু যুক্তিযুক্ত, তা প্রকৌশলীই ভালো বলতে পারবেন। তবে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে।এ ব্যাপারে সিভিল সার্জন সুকুমার কুন্ডু বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ কি না, জানি না। প্রকৌশলীই ভালো বলতে পারবেন। তবে ১০০ শয্যার হাসপাতাল চালু হলে রোগীর চাপও বাড়বে।সিএমএমইউর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষা করেই একতলা ভবনের ওপর দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। চারতলার ভিতে (ফাউন্ডেশন) দোতলা ভবন নির্মাণে ঝুঁকির কোনো আশঙ্কা নেই। সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় আবার দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। এখন কার্যাদেশ দেওয়ার পরই নির্মাণকাজ শুরু করা হবে।