আরব সাগরে একের পর এক জাহাজ ছিনতাই
ঝুঁকিপূর্ণ এলাকা ১০ গুণ বৃদ্ধি বাড়ছে আমদানি-রপ্তানি ব্যয়
সোমালিয়ার জলদস্যুরা ডাকাতির এলাকা দিন দিন বিস্তৃত করছে। এতে আরব সাগরে চরম ঝুঁকিপূর্ণ এলাকার (রেড জোন) সীমারেখাও বাড়ছে। তাই গত সপ্তাহে আরব সাগরের ঝুঁকিপূর্ণ এলাকা প্রায় ১০ গুণ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর পরই আরব সাগরের ‘রেড জোন’ দিয়ে চলাচলকারী জাহাজের ঝুঁকি (ছিনতাই ও মুক্তিপণ) বিমার প্রিমিয়াম প্রায় দ্বিগুণ করেছে বিমা কোম্পানিগুলো। জাহাজ পরিচালনার এই বাড়তি ব্যয় জোগান দিতে মালিকেরা জাহাজের ভাড়া বাড়িয়ে দেবেন, যার প্রভাব পড়বে আমদানি-রপ্তানিতে।জানা গেছে, বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিগুলোর সংস্থা ল’য়েডস মার্কেট অ্যাসোসিয়েশন ও লন্ডনের বড় বড় বিমা কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘দ্য জয়েন্ট ওয়্যার কমিটি’ গত সপ্তাহে আরব সাগরের ঝুঁকিপূর্ণ এলাকা বাড়ানোর ঘোষণা দেয়। ফলে বিমা কোম্পানিগুলো বাড়তি প্রিমিয়াম আদায়ের জন্য ৭ জানুয়ারি থেকে শিপিং কোম্পানিগুলোকে চিঠি দেবে। শিপিং সূত্র জানায়, আগে শুধু ইয়েমেন ও সোমালিয়ার মধ্যবর্তী সাগরের প্রবেশমুখ ও আশপাশের কিছু এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ছিল। গত ৫ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা ওই অঞ্চলের বাইরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণি এবং ২৫ ডিসেম্বর বাংলাদেশ অভিমুখী থাই পতাকাবাহী জাহাজ এমভি থর নেক্সাস ছিনতাই করে। তারা ২৮ ডিসেম্বর ছিনতাই করে জার্মানির পতাকাবাহী এবং বাংলাদেশে তৈরি জাহাজ এমভি ইএমএস রিভার। এভাবে ডিসেম্বর মাসে তারা অন্তত ২৭টি জাহাজ ছিনতাই করেছে। শিপিং সূত্র জানায়, বাংলাদেশে থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে যাতায়াতকারী জাহাজকে আরব সাগরের ওই রুট ধরে চলাচল করতে হয়। আরব সাগরে রেড জোন বাড়ায় দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক জাহাজ মালিক জানান, আরব সাগরের ওই রুটে জাহাজ চালাতে খরচ বেড়ে যাবে। কারণ জাহাজের ঝুঁকি বিমার সঙ্গে সংগত কারণে নাবিকদের বোনাসও বাড়াতে হবে। কারণ এমনিতে তাঁরা ওই ঝুঁকিপূর্ণ রুটে যেতে চাইবেন না।আন্তর্জাতিক রুটে চলাচলকারী নয়টি জাহাজের বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান সিলভিয়া শিপ ম্যানেজমেন্টের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রেড জোন বাড়ানোর তথ্য আমরা পেয়েছি। ওই রুটের জাহাজ চালাতে এখন অপহরণ ও মুক্তিপণ বিমার জন্য প্রিমিয়াম ও নাবিকদের বোনাস বাড়িয়ে দিতে হবে। এই বাড়তি ব্যয় পণ্য পরিবহনের সঙ্গে জড়িত সব পক্ষকে বহন করতে হবে।সূত্রমতে, একের পর এক জাহাজ ছিনতাইয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট সংস্থাগুলো আরব সাগরে রেড জোন অন্তত দশগুণ বাড়িয়ে ভারত মহাসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত করেছে। নতুন রেড জোন উত্তর-দক্ষিণে প্রায় তিন হাজার নটিক্যাল মাইল এবং পূর্ব-পশ্চিমে প্রায় এক হাজার ৪০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। অর্থাৎ কলম্বো কিংবা মালদ্বীপ অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম দিকে ভারত মহাসাগরে ঢোকার সঙ্গে সঙ্গে জাহাজ রেড জোন পড়বে। এই জোনের বিস্তৃতি উত্তর-পশ্চিমের করাচি হয়ে ওমান উপসাগরের মুখ পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির মালিকানা প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল ইসলাম আরব সাগরে ঝুঁকিপূর্ণ এলাকা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজের ঝুঁকি বিমা প্রায় দ্বিগুণ করা হয়েছে। ৭ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। জাহাজমালিকেরা জানান, আন্তর্জাতিক নৌবাণিজ্যে বিমা কোম্পানিগুলো তাদের বিমার প্রিমিয়ামের হার প্রকাশ করে না। একেকটি জাহাজমালিকের সঙ্গে একেক ধরনের সমঝোতার মাধ্যমে তারা প্রিমিয়াম নির্ধারণ করে। এ কারণে প্রিমিয়ামের ঠিক কী পরিমাণ বাড়বে, তা জানাতে পারছেন না জাহাজমালিকেরা।