ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাড়ি নির্মাণ
ভারী বর্ষণে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাহাড়গুলো। এসব পাহাড় থেকে নেমে আসতে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। বাসিন্দাদের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানাচ্ছে বন বিভাগ। কিন্তু কথা শুনছে না কেউ। উল্টো কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে উঁচু পাহাড় কেটে বাড়ি তৈরিতে ব্যস্ত অনেকেই।গত বছরের ১৫ জুন ৩০টির বেশি পাহাড়ধসের ঘটনায় ছয় সেনাসদস্যসহ ৫১ জনের মৃত্যু হয়। এ সময় মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় পাঁচ শতাধিক নারী ও শিশু। এ ঘটনার পরও পাহাড় কাটা বন্ধ হয়নি।কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ প্রথম আলোকে বলেন, কক্সবাজার ও আশপাশে পাহাড়ের চূড়া ও খাদের পাশে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি রয়েছে। এতে ঝুঁকি নিয়ে বাস করছে প্রায় দেড় লাখ মানুষ। ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তাদের জীবন হুমকির মুখে। তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে গত শুক্রবার থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু সাড়া দিচ্ছে না কেউ। পাহাড় কাটা বন্ধ রাখতেও শহরসহ জেলার বিভিন্ন স্থানে মাইকে ঘোষণা চলছে। একই সঙ্গে চলছে অভিযান। তার পরও পাহাড় কাটা বন্ধ হচ্ছে না।কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে টেকনাফ, উখিয়া ও মহেশখালীর কয়েকটি পাহাড়ে ১০-১২টি বসতবাড়ি তলিয়ে গেছে। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ বলেন, অনেক দিন ধরে শহর ও শহরতলির বিভিন্ন পাহাড়ে ২০ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে এসব মানুষ ঝুঁকি নিয়ে বাস করছে। পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ এসব মানুষকে পাহাড় থেকে নামিয়ে আনাও কঠিন।শনিবার সকালে উখিয়া উপজেলার মরিচ্যা পাহাড়ে গিয়ে দেখা গেছে, প্রবল বর্ষণের মধ্যে শত শত লোক উঁচু পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করছে। অনেকে পাহাড় কাটার মাটি ট্রাক বোঝাই করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। কুতুপালং পাহাড়ের কয়েকটি স্থানেও পাহাড় কাটার দৃশ্য চোখে পড়ে। সেখানে বেশির ভাগ মানুষই মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গা।কুতুপালং এলাকায় পাহাড় কেটে বসতবাড়ি তৈরির কারণ জানতে চাইলে মিয়ানমারের রোহিঙ্গা সৈয়দ উল্লাহ (৩৪) ও সখিনা খাতুন (৩০) জানান, তিন বছর আগে তাঁরা নাফ নদী পেরিয়ে মিয়ানমারের বুচিদং এলাকা থেকে টেকনাফে আসেন। ছয় মাস আগে তাঁরা টেকনাফ থেকে সড়কপথে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেন। তাঁরা জানান, সেখানে এখন ৬০ হাজারের বেশি রোহিঙ্গা রয়েছে। বৃষ্টি শুরু হলে ওই বস্তিতে বাস করার উপায় থাকে না। তাই সরকারি পাহাড় কেটে স্থায়ী বসবাসের জন্য ঘর তৈরির কাজ চলছে।টেকনাফ পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ মনির জানান, ফকিরামুরার আশপাশের কয়েকটি পাহাড়ে এখন প্রায় ১০ হাজার মানুষ রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।