ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের প্রতি নির্দেশনা
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ রাজধানীর ভবনগুলো চিহ্নিত করে তার তালিকা প্রকাশ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়। রহমত আলীর সভাপতিত্বে ভূমিকম্প ও রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে সভায় তিন ঘণ্টা আলোচনা হয়। সভায় রাজধানীতে গণপরিবহন আমদানিকে উৎসাহিত করতে এ ধরনের গাড়ি আমদানি ও নিবন্ধন ব্যয় কমানোর সুপারিশ করা হয়। ঈদের সময় পরপর দুই দিন ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সভায় বলা হয়, সরকারকে এখনই প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে রাজউককে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের কথা বলা হয়েছে।সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, বেগম আশরাফুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রাজউক, ঢাকা সিটি করপোরেশন, বিআরটিএ এবং পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।