ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় শিক্ষক, ভবন, নলকূপ, আসবাবপত্রসহ নানাবিধ সমস্যার কারণে সুনামগঞ্জের ধরমপাশার জনতা উচ্চবিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থী ও শিক্ষার মান বাড়লেও বাড়েনি প্রতিষ্ঠানটির অন্যান্য সুযোগ-সুবিধা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ একটি ভবনে পাঠদান চলতে থাকায় যেকোনো মুহূর্তে ভবন ধসে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩১ সালে ধরমপাশার দশধরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ আবদুুর রাজ্জাক চৌধুরী স্থানীয় লোকজনকে নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর আয়তন প্রায় তিন একর। বর্তমান বছরে শিক্ষার্থী সংখ্যা এক হাজার ৫০। গত বছর ছিল ৯৫০ জন। এমপিওভুক্ত শিক্ষক ১২ জন। আরও চারজন শিক্ষক বিদ্যালয়ের প্রদত্ত বেতনে নিয়োজিত রয়েছেন। সম্প্র্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয় থেকে ৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৯ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তারা হলো বিজ্ঞান বিভাগ থেকে আলমগীর কবীর, নাজিফা ফরজানা, আবদুুল খালেক ও মানবিক বিভাগে আরিফুল ইসলাম। শিক্ষক সংকট: প্রায় তিন বছর ধরে গণিত শিক্ষকের পদটি শূন্য রয়েছে। একমাত্র শিক্ষক জি এম হায়দার বলেন, ‘আমার একার পক্ষে কোনো অবস্থাতেই সুষ্ঠুুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ফলাফল খুবই খারাপ হবে। এ ছাড়া শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম। এখানে ২০টি শাখা চালু থাকার কথা থাকলেও আছে মাত্র ১০টি। শাখা চালুর জন্য মন্ত্রণালয়ে যাবতীয় কাগজ পাঠানো হলেও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন না দেওয়ায় শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। তবে বিদ্যালয়টি পরিচালনার জন্য বিদ্যালয় প্রদত্ত বেতনে চারজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভবন সমস্যা: বিদ্যালয়ে রয়েছে পাঁচটি ভবন। এর মধ্যে একটি দ্বিতল, একটি পাকা ও বাকি তিনটি আধাপাকা। প্রশাসনিক পৃথক ভবন নেই, একই ভবনে শিক্ষক-কর্মচারী সবাইকে একসঙ্গে গাদাগাদি করে কাজ করতে হয়। মেয়েদের জন্য নির্মিত কমনরুমটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে, বৃষ্টি এলেই পানি পড়ে। এ জন্য দুর্ভোগ পোহাতে হয়। ছাত্রাবাস ভবনটিও জরাজীর্ণ থাকায় দূর-দূরান্তের কোনো ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে না পারায় জ্ঞানার্জন থেকে বঞ্চিত। নবম শ্রেণীর ছাত্রী নিবেদিতা দেবনাথ জানায়, মুষলধারে বৃৃষ্টি হলেই কাপড় ও বইপত্র ভিজে যায়। কমনরুমের এ সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো কাজ হচ্ছে না। অপর একটি শ্রেণীকক্ষের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়লেও জীবনের ঝুঁকি নিয়ে ছ্াত্রছাত্রীদের শিক্ষাকার্যক্রম চলছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীদুল মৌলা বলেন, ‘অন্য কোনো ভবন খালি না থাকায় বাধ্য হয়েই এ ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করাতে হচ্ছে।’বিশুদ্ধ খাওয়ার পানির সংকট: বিদ্যালয়ে দুটি নলকূপ থাকলেও তা বেশ কয়েক মাস ধরে ব্যবহারের অনুপযোগী। তাই খাওয়ার পানির চাহিদা মেটাতে শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।খেলার মাঠ খেলাধুলার অনুপযোগী: বিদ্যালয়ের উত্তর দিকে রয়েছে এক বিশাল খেলার মাঠ। মাঠের পশ্চিম দিকটায় কিছু জায়গা বৃষ্টি হলেই পানি জমে যায়, এ ছাড়া পুরো বর্ষা মৌসুমে এটিতে হাঁটুপানি জমে থাকে। ফলে খেলাধুলা করা সম্ভব হয় না। সপ্তম শ্রেণীর ছাত্র উজ্জ্বল মিয়া দ্রুত মাঠটি সংস্কারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। নেই শহীদ মিনার: ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’। ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ও ১৯৫২ সালের ভাষাশহীদদের আত্মত্যাগের মহিমাকে শ্রদ্ধা জানাতে উপজেলার এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আজও একটি শহীদ মিনার নির্মিত হয়নি। খুব শিগগির একটি শহীদ মিনার স্থাপনের দাবি জানায় অষ্টম শ্রেণীর ছাত্রী ফেরদৌসী জামান।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ বিদ্যালয়টির রয়েছে নানা সমস্যা। এরপরও বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’প্রধান শিক্ষক আবু সিদ্দিক আহমেদ নানাবিধ সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি। এ ভবনটি ধসে যেকোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা রয়েছে। অন্যান্য সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তা ছাড়া অর্েথর অভাবে বিদ্যালয়ের অনেক উন্নয়নকাজ করা সম্ভব হচ্ছে না।