দেশে ঝুঁকিপূর্ণ পেশায় জড়িত শিশুর সংখ্যা সরকারের কাছে নেই। কোন কাজগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হবে, তারও কোনো তালিকা তৈরি করেনি সরকার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিশুশ্রম নিরসনে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে, এমন কাজগুলো চলছে ঢিলেঢালা ভাবে। এ অবস্থায় ২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সদস্যরাষ্ট্রগুলোর জন্য ২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্য নির্ধারণ করেছে। সে অনুযায়ী সরকার অঙ্গীকারও করেছে। এর আগে সরকার ১৯৯৬ সালে সার্কের শিশুবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অঙ্গীকার করেছিল, ২০১০ সালের মধ্যে শিশুশ্রম নিরসন করবে। সে অঙ্গীকার পূরণ সম্ভব হয়নি। তবে বর্তমানে বিভিন্ন নীতি ও কর্মসূচিতে দেখা যাচ্ছে, সরকার ২০১৫ সালের মধ্যে এ অঙ্গীকার পূরণ করার কথা বলছে।অঙ্গীকার বাস্তবায়নে সরকার শুধু জাতীয় শিশুশ্রম নিরসননীতি, ২০১০ চূড়ান্ত করেছে। তবে নীতির আলোকে কর্মকৌশল তৈরি হয়নি।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা কর্মকর্তা শাবনাজ জাহেরীন প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ক্ষেত্রে পথশিশুরাই বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। সরকার, দাতাগোষ্ঠী, এনজিও পথশিশুদের মাত্র পাঁচ শতাংশকে কর্মসূচির আওতায় আনতে পেরেছে। তিনি বলেন, অঙ্গীকার পূরণের ক্ষেত্রে সরকার অনেক দূরে রয়েছে।সংখ্যা জানা নেই: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আইএলও পরিচালিত জাতীয় শিশুশ্রম জরিপ (২০০২-০৩) অনুযায়ী দেশে শ্রমজীবী শিশু ছিল ১৩ লাখ। সাত বছর আগের ওই তথ্যে বলা হয়েছিল, প্রায় ৯৩ শতাংশ শিশু কৃষি, পশুপালন, গৃহকর্ম, নির্মাণশিল্প, ইটভাঙা, রিকশা-ভ্যান চালানো, মজুর ও ছিন্নমূল শিশু হিসেবে অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত। পুরোনো ওই তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এই সাত বছর সময়ের ব্যবধানে শ্রমজবীবী শিশুর সংখ্যায় পরিবর্তন হয়েছে। পরিবর্তনের তথ্য সরকারের কাছে নেই।বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লাহ-আল মামুন বলেন, একদিকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমিকের সংখ্যা জানা নেই, অন্যদিকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকাও নেই। ফলে মালিকদের আচরণের বিষয়ে জাতীয় নীতিমালা তৈরিতে সমস্যা হচ্ছে।ঝুঁকিপূর্ণ কাজ কোনটি: সরকার ২০০১ সালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূল ও প্রতিরোধে আইএলও সনদ-১৮২ অনুসমর্থন করে। সনদে শিশুকে কাজ করতে বাধ্য করা, শিশু-দাসত্ব, জবরদস্তিমূলক কাজ, পাচার, বন্ধক, যৌনবৃত্তি, পর্নোগ্রাফিতে ব্যবহার, ভূমি-দাস এবং শোষণমূলক ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজকে শিশুর জন্য ক্ষতিকর বলা হয়েছে।সনদ অনুসমর্থনের পর ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকা প্রকাশের কথা ছিল। এ ছাড়া শ্রম আইন, ২০০৬-এ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রকাশ করার কথা বলা আছে। একটি খসড়া তালিকা হয়েছে, তবে তা চূড়ান্ত করছে না সরকার।সময়ভিত্তিক (টাইমবাউন্ড) কর্মসূচি চলছে ঢিলেঢালাভাবে: শ্রম মন্ত্রণালয় ও আইএলওর যৌথ উদ্যোগে পরিচালিত জাতীয় সময়ভিত্তিক কর্মসূচিতে ২০১৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কর্মসূচির প্রস্তুতিমূলক পর্যায় চলে।কর্মসূচির আওতায় নয়টি প্রকল্প বাস্তবায়ন করার কথা। শুরু হয়েছে একটি। আরবান ইনফরমাল ইকোনমি (ইউআইই) প্রকল্পটি কাগজে-কলমে ২০০৭ সালে শুরু হলেও বাস্তবে কাজ শুরু হয়েছে গত বছর। আইএলওর কর্মকর্তা শরফুদ্দিন খান বলেন, কর্মসূচির আওতায় সব প্রকল্প শিগগিরই শুরু হওয়া প্রয়োজন।শিশুশ্রমে নজরদারি শাখা: শিশুশ্রম নিরসনকাজের সমন্বয় ও নজরদারির জন্য শ্রম মন্ত্রণালয়ে ‘চাইল্ড লেবার মনিটরিং ইউনিট’ তৈরি করেছে সরকার। তবে এতে লোকবল নিয়োগে সময় লেগেছে এক বছর। কাজও বেশি হয়নি। ইউনিটের প্রধান অরুণ কান্তি আইচ প্রথম আলোকে বলেন, একটি ওয়েবসাইট তৈরির কাজ চলছে।অর্জন শুধু নীতি: ২০০১ সালে কাজ শুরু করে এ বছর মার্চ মাসে সরকার জাতীয় শিশুশ্রম নিরসননীতি, ২০১০ সংসদে পাস করেছে। নীতিতে ২০১৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা, বাস্তবায়ন-কৌশল ও কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে। শিশুশ্রম বিষয় তত্ত্বাবধানে সুনির্দিষ্ট (ফোকাল) মন্ত্রণালয় নির্ধারণ, জাতীয় শিশুশ্রম কল্যাণ কাউন্সিল গঠন, ঝুঁকিপূর্ণ ও নিকৃষ্ট কাজ থেকে উদ্ধার করে শিশুদের পুনর্বাসন, কার্যকর কর্মকৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করার কথাও নীতিতে বলা আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নীতি বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো কাজই হয়নি।প্রাথমিক শিক্ষাবঞ্চিত শিশু: গণসাক্ষরতা অভিযানের দেওয়া তথ্য মতে, দেশে প্রতি ১০টি শিশুর একটি স্কুলে ভর্তি হচ্ছে না। যারা ভর্তি হচ্ছে, তাদের প্রতি দুজনের একজন প্রাথমিক স্তর শেষ করার আগেই ঝরে পড়ছে। এর সঙ্গে শিশুশ্রমের সম্পর্ক আছে। আইএলও বলছে, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রায় ৫০ শতাংশই কখনো স্কুলে যায়নি।তবে শিক্ষা বিষয়ে কিছু অগ্রগতিও আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফ যৌথভাবে শহরাঞ্চলের শিশুশ্রমিকদের শিক্ষার আওতায় আনতে প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে এক লাখ ৬৬ হাজার শিশু এ প্রকল্পের আওতায় আছে। মানুষের জন্য ফাউন্ডেশনের ১৩টি প্রকল্প গত পাঁচ বছরে ৪০ হাজার শিশুকে কাজ থেকে ফিরিয়ে এনে স্কুলে ভর্তি করেছে।ইউনিসেফের শিক্ষা বিভাগের যোগাযোগ বিশেষজ্ঞ সাইদ মিল্কী প্রথম আলোকে বলেন, শিক্ষার আওতায় আনতে পারলে শিশুরা ঝুঁকি সম্পর্কে জানতে পারে। জীবনদক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেয়ে মালিকের সঙ্গে দর-কষাকষি করতে শেখে। তিনি বলেন, সবাই হয়তো মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারে না, কিন্তু সার্বিকভাবে এ শিক্ষা তাদের জীবনের ওপর প্রভাব ফেলে।প্রকল্পের সীমাবদ্ধতা: সরকারের নিজস্ব অর্থায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন প্রকল্প’টি বাস্তবায়ন শুরু করে ২০০৫ সালের জুলাই মাসে। প্রকল্পটির তৃতীয় পর্যায়ের প্রস্তুতি চললেও এর ফলাফল নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তরা নিজেরাই সন্তুষ্ট নন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষার কথা বলে শিশুকে কাজ থেকে বের করে আনা হচ্ছে। কিন্তু শুধু নাম লেখা শিখতে শিখতেই প্রকল্প শেষ হচ্ছে। প্রকল্প শেষ হলে শিশুটির পড়াশোনাও বন্ধ হয়ে যাচ্ছে। এই শিশু কাজও হারাচ্ছে, শিক্ষাও পাচ্ছে না।