ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শেরপুর নন্দীগ্রাম সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে বগুড়ার শেরপুর থেকে নন্দীগ্রাম উপজেলাগামী সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে মাঝেমধ্যে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয় যানবাহন-শ্রমিকেরা অভিযোগ করেছেন, সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনচালক ও যাত্রীদের।সরেজমিনে দেখা যায়, সড়কটির শেরপুরের দুবলাগাড়ী ঈদগাহ মাঠ থেকে জেলার নন্দীগ্রাম উপজেলার মহাসড়ক পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এর পাকার কিনারা থেকে মাটি সরে গিয়ে অবকাঠামো ধ্বংস হতে চলেছে। স্থানীয় মোটরশ্রমিক আমজাদ হোসেন জানান, বগুড়ার নন্দীগ্রাম, নাটোরের সিংড়া ও রাজশাহী জেলার সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য চালকেরা এই সড়কটি ব্যবহার করে থাকেন। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে আছে।অটোরিকশাচালক লোকমান হোসেন জানান, শেরপুরের সঙ্গে নন্দীগ্রামে যেতে সময় লাগার কথা ২৫ মিনিট। কিন্তু সেখানে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। দুবলাগাড়ী এলাকার বাসিন্দা মো. শফিক জানান, সড়কটির ধারের মাটি যেভাবে সরে যাচ্ছে তা দ্রুত মেরামত না করা হলে দুর্ঘটনা ঘটবে।সড়কটির পাশে কেল্লা এলাকার বাসিন্দা আকরাম হোসেন জানান, সড়কটির খানাখন্দে মাঝেমধ্যে ইট ফেলা হয়। কিন্তু এতে সমাধান হয় না। ওই এলাকার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, সড়কটি বগুড়া সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এটি দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে এর অবকাঠামো পর্যন্ত তৈরি করতে হবে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শামছুজ্জামান জানান, সড়কটি তাঁর বিভাগের অধীনে এনে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব। এ জন্য সড়কটি এলজিইডির আওতায় আনতে চিঠি চালাচালি করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুর রহমান জানান, সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশ সংস্কারের প্রয়োজনীয় কার্যক্রম তাঁরা গ্রহণ করেছেন।