প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ঝুঁকিপ্রবণ দেশগুলোকে সাহায্য করতে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘ধনী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্যাস নির্গমন করছে। তাদের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে জোরালোভাবে এগিয়ে আসা প্রয়োজন।’ খবর বাসসের।আজ সোমবার স্থানীয় এক হোটেলে কমিউনিটি বেজড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক সপ্তাহব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রাকৃতিক পরিবেশের অস্তিত্ব আজ সংকটের মুখোমুখি। শিল্প বিপ্লবের সূচনালগ্ন থেকে মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড আমাদের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে। তাই টেকসই পরিবেশ এবং উন্নয়নের জন্য ব্যক্তিগত, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে আমাদের এখনই সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ দেশের জনগণকে একদিকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, ‘এটা তাদের জন্য শুধু কঠিনই নয়, এটা তাদের প্রতি একধরনের অবিচার। কিছু বিত্তশালী মানুষের বিলাসী জীবনযাত্রার ফলে সৃষ্ট বিরূপ প্রভাব সাধারণ জনগণ বহন করবে কেন?’অভিযোজন সম্পর্কে তিনি বলেন, ‘এটি সমাধানের একটি অংশ মাত্র। এই সমস্যার প্রকৃত সমাধান নিহিত রয়েছে এর প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের মধ্যে।’শেখ হাসিনা বলেন, জলবায়ুর প্রভাবের কারণে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের জন্য গৃহীত সব কর্মসূচি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নেওয়া ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যা সমাধানের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘তবে এ সমস্যা এতটাই প্রকট যে বাংলাদেশের একার পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এটি মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীরা জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার এই তহবিলে এ পর্যন্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে। এই সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে এ সাহায্য প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। কারণ এ সমস্যা মোকাবিলায় আমাদের কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন।’