ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের যত কৌশল
যশোরের অভয়নগর উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে গেছে আতাই নদী। নদীর তীরের বাসিন্দা অশীতিপর মনীন্দ্রনাথ গোলদার। তাঁর বর্ণনায়, ‘আতাই খুবই শান্ত প্রকৃতির নদী। আমার জীবনে এই নদীতে আমি একবারও জলোচ্ছ্বাস দেখিনি।’ মনীন্দ্রনাথ না দেখলেও আতাই নদী অত্যন্ত জলোচ্ছ্বাসপ্রবণ! কাগজে-কলমে এমনটা দেখিয়ে ঝুঁকি প্রশমনে ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ২৮ লাখ টাকা ব্যয়ে সেখানে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘মাটির কেল্লা’।অভিযোগ পাওয়া গেছে, যশোরের অভয়নগর ও মনিরামপুরে এমন অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কয়েকটিতে দু-এক বছরের মধ্যে এক বা একাধিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। আর এভাবেই বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাইরের বিভিন্ন দেশ ও সংস্থার আর্থিক সহায়তায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে ঝুঁকিহ্রাস প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। অভয়নগর: ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নে দুই কোটি আট লাখ ৮১ হাজার ৩৭৪ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের মধ্যে আটটির কাজ চলছে। আর একটি প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত বছরের ১৯ জুন যশোর সার্কিট হাউসে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে প্রকল্প পরিচালকের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর চেয়ারম্যানদের ব্যাংক হিসাবে প্রকল্পের ২০ শতাংশ টাকা জমা দেওয়া হয়।প্রকল্পসংশ্লিষ্টরা জানান, ২০০৮ সালে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে অভয়নগর উপজেলার সুন্দলী খাল পুনর্খনন করা হয়। জলাবদ্ধতা দূরীকরণে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে খালটি ঝুঁকিহ্রাস প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় ফুলেরগাতী গ্রামের সন্তোষ কুমার মল্লিক (৬২) বলেন, আগে একবার খালটি কেটে কোনো কাজে আসেনি। মূলত এটা টাকা লুটপাটের প্রকল্প। তিনটি প্রকল্পের মাধ্যমে ২০১১ সালে সুন্দলী ইউনিয়নের কদমতলা থেকে ডহর মশিয়াহাটী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা সড়কটির অংশবিশেষ সংস্কার করা হয়। প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে ঝুঁকিহ্রাস প্রকল্পের অধীনে রাস্তাটি আবার সংস্কার করা হচ্ছে। জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস বলেন, ‘সাংবাদিক হিসেবে বিষয়টি জানার কোনো এখতিয়ার আপনার নেই। বেশি কিছু জানার থাকলে অফিসে গিয়ে জেনে আসুন।’২০০৭ এবং ২০১০ সালে দুটি প্রকল্পের মাধ্যমে উপজেলার কোটা ইউনিয়নের বাগদহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করা হয়। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে আবার তা ঝুঁকিহ্রাস প্রকল্পে নেওয়া হয়েছে। এ বিষয়ে কোটা ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ মোল্যা বলেন, ‘তখন মাত্র এক ভাগ মাটি ভরাট করা হয়। এবার আমি শত ভাগ কাজ করব।’২০১১ সালে প্রায় চার লাখ ২১ হাজার টাকা ব্যয়ে পায়রা ইউনিয়নের সমসপুর-নলডাঙ্গা খাল সংস্কার করা হয়। প্রায় ১৩ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে খালটি সংস্কারে ঝুঁকিহ্রাস প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম বলেন, ‘ওই খাল সংস্কারে আগের প্রকল্পের ব্যাপারে আমি জানতাম না।’ মনিরামপুরে দুই প্রকল্পে যেনতেন কাজ: গত ১৯ জুন প্রকল্পের চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ আগেই শুরু করা হয় প্রায় ৭৩ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা মতলেবের বাড়ির কাছ থেকে ঝাপা দক্ষিণপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা কাম বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পের কাজ। এবং ৪৬ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে মশ্চিমনগর ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর মালোপাড়া নেপাল হালদারের বাড়ির কাছ থেকে ভরতপুর বাজার পর্যন্ত রাস্তা কাম বাঁধ পুনর্নির্মাণের কাজ। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে যেনতেন করে রাস্তা দুটিতে মাটির কাজ করা হয়েছে।ঝাপা গ্রামের ওলিয়ার রহমান বলেন, রাস্তাটির কোথাও এক হাত আবার কোথাও দুই হাত মাটি দেওয়া হয়েছে। একই গ্রামের আবু বক্কার সিদ্দিক বলেন, বর্ষার মধ্যে কাজ করায় কাজ ভালো হয়নি। অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে।কপোতাক্ষ বাঁচাও আন্দোলন মনিরামপুর উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান অভিযোগ করেন, রাস্তা দুটি সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বরাদ্দ করা টাকায় এই রকম কমপক্ষে চারটি রাস্তা করা সম্ভব। তবে ঝাপা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সারা দেশে ঝুঁকিহ্রাস প্রকল্পের ৭০টি প্রকল্পের কাজ হচ্ছে। এর মধ্যে আমার কাজটি সবচেয়ে ভালো হয়েছে।’ আর মশ্চিমনগর ইউপি চেয়ারম্যান এম এ গফুর বলেন, দেখলেই বোঝা যাবে ভালো কাজ হয়েছে। তবে বৃষ্টিতে কিছু অংশ ভেঙে গেছে।কর্মকর্তারা যা বলেন: সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) রুরাল রিস্ক রিডাকশন স্পেশালিস্ট মোহামঞ্চাদ শাহাদত হোসেন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের টাকা দাতা সংস্থার। সুতরাং শত ভাগ কাজ আমাদের বুঝে দিতে হবে। অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।’ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, ‘কাজ তদারকির জন্য সিডিএমপির কর্মকর্তারা আমাকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমি যথাযথ তদারকি করব।’মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক বলেন, ‘উপজেলার ওই প্রকল্প দুটি তদারকির আনুষ্ঠানিক কোনো দায়িত্ব আমার নেই। তবে সিডিএমপির কর্মকর্তারা বলেন, ‘কয়েকবার প্রকল্পে গিয়েছি। উনারাই কাজ বুঝে নেবেন।’