ঝুলিয়ে নির্যাতন: ওসিসহ ৪ জনকে প্রত্যাহার
খুলনা সদর থানায় ছাত্রদলের দুই কর্মীকে নির্যাতনের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান, সেপাই আবু সুফিয়ান ও মামুন আক্তার এবং ওসির গাড়িচালক সুধাংশুকে প্রত্যাহার করে খুলনা মেট্রোপলিটান পুলিশ (কেএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। খুলনা মেট্রোপলিটান পুলিশ কমিশনার শফিউর রহমান আজ সোমবার এ তথ্য জানান। এ ঘটনায় এক সদস্যের কমিটি গঠন করে খুলনা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপকমিশনার হায়দার আলীকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের মোড়ে পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ওই এলাকা থেকে সরকারি আযম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ফেরদাউসুর রহমান ওরফে মুন্না এবং বিএল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এস এম মাহমুদুল হক ওরফে টিটোকে গ্রেপ্তার করে। পরে তাঁদের খুলনা সদর থানায় নিয়ে যাওয়া হয়।মাহমুদুল খুলনা সরকারি এম এম সিটি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। থানার সামনে মাহমুদুল ও ফেরদাউসুরের স্বজনেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, থানার দ্বিতীয় তলায় মাহমুদুলকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওসি এস এম কামরুজ্জামান। আর ফেরদাউসুরকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ কথা শোনার পর সাংবাদিকেরা দ্রুত দোতলায় গেলে ওসি তাঁদের বের করে দেন। তবে এর আগে সাংবাদিকেরা কৌশলে নির্যাতনের ওই চিত্র ধারণ করেন। গণমাধ্যমে ছবি প্রকাশ ও প্রচার না করতে সাংবাদিকদের হাত করার জন্য থানার কয়েকজন এসআইকে দায়িত্ব দেন ওসি।মাহমুদুল ও ফেরদাউসুর থানা হেফাজতে সাংবাদিকদের বলেন, পুলিশ তাঁদের দোতলায় নিয়ে মারধর করেছে।