ঝুলে গেছে পুলিশ কর্মকর্তা গৌতম হত্যার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস পরও পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার সুরাহা হয়নি। র‌্যাব-পুলিশ এ হত্যার ঘটনায় হায়দার ও জাকির নামের দুই জোড়া যুবককে গ্রেপ্তার করে যে বিভ্রান্তির জন্ম দিয়েছে, তারও কূলকিনারা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, র‌্যাব ও পুলিশের টানাটানিতে পড়ে ঝুলে গেছে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত।মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই এখন কারাগারে। গ্রেপ্তার হওয়া দুই জাকির ও দুই হায়দারের মধ্যে কে আসল খুনি আর কে নির্দোষ, তা আরও তদন্তের পর বলা যাবে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আসামি নিয়ে র‌্যাব-পুলিশের টানাটানির ফলে গৌতম হত্যার তদন্ত ও বিচার নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।গত ১৯ এপ্রিল গভীর রাতে রাজধানীর ধোলাইখালে দুর্বৃত্তদের গুলিতে খুন হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক গৌতম রায়। এরপর এ ঘটনায় সূত্রাপুর থানার পুলিশ, ডিবি ও র‌্যাব ছয়জনকে গ্রেপ্তার করে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘটনার পরপর ওই এলাকার এক বৃদ্ধ নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করে হায়দার, জাকির ও মানিক নামে তিন দুর্বৃত্তের নাম জানতে পারে পুলিশ। এর পরই র‌্যাব ও পুলিশ এই তিন কথিত দুর্বৃত্তকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে।র‌্যাব ২৬ এপ্রিল আলী হায়দার ও জাকির হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে এবং সংবাদ সম্মেলন করে দাবি জানায়, এরাই গৌতমের খুনি। অপরদিকে ২৩ এপ্রিল সূত্রাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে আলী আহম্মেদ ওরফে হায়দার ওরফে হাদী নামের একজনকে এবং ২৯ এপ্রিল জাকির ওরফে বাইট্টা জাকির নামের আরেকজনকে গ্রেপ্তার দেখায় ডিবি। পুলিশের দাবি, পরের দুজনই আসল হায়দার ও জাকির। র‌্যাবের গ্রেপ্তার করা দুজন এ ঘটনায় জড়িত নয়। তখন এ নিয়ে বিভ্রান্তি নিরসনে পুলিশের অতিরিক্ত পরিদর্শক (সিআইডি) সৈয়দ শাহ জামান রাজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে হায়দার নামে কেউ জড়িত ছিল না। আসামিদের আরও জিজ্ঞাসাবাদ ও নিবিড় তদন্তের পরামর্শ দেয় কমিটি।পরে মামলাটির তদন্তকারী সংস্থা ডিবি জামাল মল্লিক ও সোহেল নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।অনুসন্ধানে জানা গেছে, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে হায়দার গর্দা মালের (লোহার গুঁড়ো) ব্যবসায়ী। পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আর জাকির হোসেন পেশায় মোটর সারাই মিস্ত্রি। ধোলাইখালের যে দোকানে জাকির কাজ করতেন, তার আশপাশের দোকানমালিক ও কর্মীরা জানান, জাকির সন্ত্রাসী নন। ওই এলাকায় জাকির নামে একজন সন্ত্রাসী রয়েছে। সেই সন্ত্রাসী মনে করে এই জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। এই জাকির জলবসন্তে আক্রান্ত হয়ে গৌতম হত্যার সময় কুমিল্লায় শ্বশুরবাড়িতে ছিলেন। তাঁর মুঠোফোনের কল তালিকা যাচাই করে এর প্রমাণও পাওয়া গেছে বলে ডিবির কর্মকর্তারা জানান।সূত্রাপুর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আলী আহম্মেদ ওরফে হায়দারের স্বামীবাগের মুন্সীরটেকে ভাড়াবাড়িতে গিয়ে জানা যায়, তাঁকে সবাই আহম্মেদ নামেই চেনেন। তাঁর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র—সব জায়গাতেই আহম্মেদ নাম লেখা রয়েছে। তবে পেশা সম্পর্কে জানাতে পারেনি তাঁর পরিবারের সদস্যরা। আহম্মেদ আলীর মা নূরজাহান বেগম ও বড় ভাইয়ের স্ত্রী নাজমা বেগম জানান, আহম্মেদ পরিবারকে বলেছেন, তিনি ধোলাইখালে গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানে চাকরি করেন। তবে কোন দোকানে, তা জানাতে পারেনি পরিবারের কেউই।স্থানীয় সূত্রগুলো জানায়, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আহম্মেদ ধোলাইখাল এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজিতে জড়িত। অপরাধী কর্মকাণ্ডের সময় ছদ্মনাম হিসেবে তিনি নিজেকে ‘হায়দার’ নামে পরিচয় দিতেন। আর বাইট্টা জাকির ওরফে কাইল্যা জাকির ধোলাইখাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।দুই পরিবারের দুর্দশা: গ্রেপ্তার হওয়া মোটর সারাই মিস্ত্রি জাকিরের স্ত্রী সুমি আক্তার প্রথম আলোকে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চার মাস ধরে বন্দী থাকায় পরিবারটি চরম দুর্দশায় পড়েছে। ভাড়াবাড়ি ছেড়ে তিনি ছেলেকে নিয়ে বোনের বাসায় উঠেছেন। সুমির প্রশ্ন, তাঁর স্বামী জাকির যদি নিরপরাধ প্রমাণিত হয়, তবে তাঁর ওপর এই নির্যাতন-কারাভোগের দায় কে নেবে?আলী হায়দারের মা আঙ্গুরী বেগম জানান, মামলা চালানোর মতো আর্থিক সংগতিও নেই তাঁর। তিনি ছেলের মুক্তির জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন। তিনি বলেন, মামলাটির অভিযোগপত্র দিচ্ছে না পুলিশ। শুধু শুধু তাঁর ছেলেকে আটকে রাখা হয়েছে।