ঝুিঁকিপূর্ণ তার-খুঁটি, সংস্কার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় টানানো বিদ্যুতের তার মেয়াদোত্তীর্ণ এবং স্টিলের খুঁটিগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। কিন্তু সেগুলো সংস্কারে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। ফলে উপজেলার প্রায় সাত হাজার বিদ্যুত্ গ্রাহককে ভোগান্তি পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের ডাকঘর, বড় মসজিদ, কালীবাড়ী, রেলস্টেশন, ভবানীগঞ্জ, ডাকবাংলো, ফুলতলা ও নয়াবাজার সড়কের এক পাশ দিয়ে খুঁটিতে টানানো বিদ্যুতের লাইনে কয়েক হাত পরপর বাঁশের কঞ্চি বেঁধে রাখা হয়েছে। বিদ্যুত্ বিভাগের ভাষ্যমতে, ঝোড়ো বাতাস অথবা ভোল্টেজের চাপে যাতে তার ছিঁড়ে না পড়ে, তাই এ ব্যবস্থা। এ ছাড়া জাঙ্গিরাই পয়েন্ট ও দক্ষিণ জাঙ্গিরাই এলাকায় সাত-আটটি স্টিলের তৈরি বিদ্যুতের খুঁটি কাত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানায়, পুরোনো এসব খুঁটির গোড়া জং ধরে ক্ষয়ে যাওয়ায় এ দশা।বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয় সূত্র জানায়, ১৯৮০ সালে জুড়ীতে বিদ্যুত্ সরবরাহ চালু করতে পিডিবি প্রায় ৩৯ কিলোমিটার এলাকায় লাইন টানিয়েছিল। পরবর্তী সময়ে সেসব লাইনে আর কোনো সংস্কারকাজ হয়নি।উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকার বাসিন্দা নবীব আলী (৫০) জানান, মাঝেমধ্যে লাইনে টানানো তার ছিঁড়ে নিচে সড়কের ওপর ঝুলে থাকে। তাতে ছেঁড়া তারে জড়িয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।এ বিষয়ে জুড়ীর দায়িত্বে থাকা পিডিবির লাইনম্যান তোফাজ্জল হোসেন জানান, শহরের অধিকাংশ স্থানে টানানো বিদ্যুতের তারের স্থায়ীত্ব নষ্ট হয়ে গেছে। তাই ঝোড়ো বাতাস ও ওভারলোডে (অতিরিক্ত ধারণক্ষমতা) সমস্যা হচ্ছে। দুর্ঘটনা ঠেকাতে ওপরে টানানো লাইনে বাঁশের কঞ্চি বেঁধে রাখা হয়েছে।পিডিবির কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, কার্যালয়ের অধীন কুলাউড়া ও জুড়ী উপজেলার সরবরাহ এলাকার মেয়াদোত্তীর্ণ বিদ্যুতের লাইন সংস্কারসহ আনুষঙ্গিক সমস্যার কথা এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে জুড়ীতে লাইনের সংস্কার ও অন্যান্য কাজ হবে। তিনি জানান, জুড়ী উপজেলায় পিডিবির প্রায় সাত হাজার গ্রাহক রয়েছে।