ঝোপঝাড়ে চুপচাপ
পুরোনো রেলওয়ে স্টেশনে ঢোকার পরেই একটি লাল সাইনবোর্ড সহজেই যে কারও চোখে পড়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে ওই সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘অবৈধ মাদকদ্রব্য বহন ও চোরাচালান কঠোর শাস্তিযোগ্য অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মাদক অপরাধ থেকে সাবধান’। কিন্তু এই সাবধানবাণী অনেকটাই সাইনবোর্ডসর্বস্ব বলে অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ে এলাকার পার্শ্ববর্তী বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী, প্রতিদিন রেলপথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরনের মাদকদ্রব্য সিলেটে এসে পৌঁছায়। মাদক ব্যবসায়ীরা রেলওয়ে পুলিশের সঙ্গে আঁতাত করে নিয়মিত মাদক পরিবহন করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে রেলওয়ে থানার পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।৩ জুন রাত সাড়ে সাতটায় সিলেট পুরোনো ও নতুন রেলওয়ে স্টেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতাধিক মাদকসেবী প্লাটফর্মের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে মাদক সেবন করছে। বাতাসে গাঁজা ও মদের তীব্র গন্ধ ভেসে আসছে। অনেককে আবার অনেকটা প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতেও দেখা গেছে। ট্রেনযাত্রী সাইফুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘রেলওয়ে এলাকার ভেতরে ঢুকলেই মদ ও গাঁজার তীব্র গন্ধ যাত্রীদের নাকে আসে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেও না দেখার ভান করছে।’রেলওয়ে স্টেশনের নিয়মিত কয়েকজন যাত্রী অভিযোগ করেন, দিন-রাতে রেলওয়ে স্টেশনের ভেতরে বসেই বখাটেরা গাঁজা সেবন করে। রাতে জুয়ার আসর বসে। রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ চা, পান ও ফল বিক্রেতাদের অনেকেই সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দোকানি সেজে এরা ক্রেতাদের কাছে নানা কৌশলে মাদকদ্রব্য বিক্রি করছে। এ ছাড়া দিনে-রাতে সব সময় ছিন্নমূল সেজে অনেককেই এ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এদের প্রায় সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কুমার চাকী বলেন, ‘স্টেশনের ভেতরে কোনো ধরনের মাদকদ্রব্য কেনাবেচা হয় না। তাই এ ঘটনায় পুলিশ জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তবে স্টেশনে সব সময় কিছু ছিন্নমূল মানুষ থাকে। বাড়িঘর না থাকার কারণে এসব মানুষ রাতে স্টেশনে এসে ঘুমায়। এরাও সার্বক্ষণিক আমাদের নজরদারির ভেতরে থাকে।’