ঝড়-বর্ষণের কারণে ফেরি বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানজট
প্রবল ঝড় ও বর্ষণের কারণে গতকাল বৃহস্পতিবার রাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আড়াই ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট গাড়ি। দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড় ও বর্ষণের কারণে বৃহস্পতিবার রাত পৌনে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকে। আড়াই ঘণ্টা পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত আড়াইটার পর ফেরি চলাচল শুরু হলেও আজ সকাল আটটা পর্যন্ত যানবাহনের লম্বা লাইন ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দখল করে থাকে। সকাল আটটার পর যানবাহনের লাইন কমলেও উভয় ঘাটে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দুই শতাধিক বাস ও ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। আটকে থাকা এসব যানবাহনের যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে।বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্যাহ খান জানান, প্রবল ঝড় ও বর্ষণের কারণে দুর্ঘটনা এড়াতে রাতে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়। এ কারণে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঝড়-বৃষ্টি শেষে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হলেও ফেরি-স্বল্পতার কারণে রাতে সৃষ্ট যানজট অব্যাহত রয়েছে।