ঝড়ে ১২ জন নিহত, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, গাইবান্ধা ও রংপুরের মিঠাপুকুরে গতকাল সোমবার আকস্মিক ঝড়ে ঘর ও গাছ চাপা পড়ে ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া নাটোরে গত রোববার রাতে ঝড়ে একজনের মৃত্যু হয়। ঝড়ের তাণ্ডবে শত শত ঘরবাড়ি ও বহু গাছপালা ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বোরোসহ বিভিন্ন ফসলের।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর: সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ২৫টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্ত ঘর ও গাছের নিচে চাপা পড়ে তিনজন মারা যান। আহত হন কমপক্ষে ২৫ জন। নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের মীরগঞ্জ মহল্লার তোফাজ্জল হোসেন (৫৫), শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামের শ্যামলা বেগম (৬০) ও সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মমেনা বেওয়া (৫৫)। স্থানীয় লোকজন জানান, ঝড়ে কয়েক শ ঘরবাড়ি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। জামালপুর: ঝড়ে ঘর চাপা পড়ে জেলার ইসলামপুর উপজেলার পাঁচরশি ইউনিয়নের শশারিয়া বাড়ি গ্রামের জসিজল হকের মেয়ে জেরিন (১৩) এবং একই উপজেলার বেলগাছা ইউনিয়নের মিয়া বাড়ির গ্রামের সলিমউদ্দিনের মেয়ে মনোয়ারা (১৪) ও মো. আলমের ছেলে ফিরুজ (৩) মারা গেছে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুল ইসলাম ঝড়ে তিনজনের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে এই ঝড়ে উপজেলার চারটি ইউনিয়নের সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।মিঠাপুকুর (রংপুর): বিকেলে ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার কাশেমপুর গ্রামের মর্জিনা খাতুন (৩৭) ও লিমন (৪)। এ ছাড়া ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের ঘর পুড়ে যায়। সেখানে একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। গাছপালা ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়মনসিংহ: সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় ঝড়ে শিশুসহ দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো ধোবাউড়ার গামারীতলা ইউনিয়নের পূর্ব গামারীতলা গ্রামের আবদুল জলিলের ছেলে সাহাদাত হোসেন (৭) ও ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৩০)। সন্ধ্যায় আধা ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে এলাকার কয়েক শ কাঁচা-পাকা ঘরবাড়ি ও বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। বোরোসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাইবান্ধা: ঝড়ে সাঘাটা উপজেলার যুগীপাড়া গ্রামে গিরিশচন্দ্র বর্মণ (৪৮) নামের একজন নিহত ও বিভিন্ন গ্রামের ১০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন জানান, জেলার বিভিন্ন উপজেলায় প্রায় দুই হাজার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে পড়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে।নাটোর: জেলার বড়াইগ্রাম উপজেলায় রোববার রাতে ঝড়ে তিনটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পূর্ণকলস গ্রামে একটি মাটির ঘরের নিচে চাপা পড়ে জয়নব বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।