প্রথমে প্রবল ঝোড়ো হাওয়া, এরপর একপশলা তুমুল বৃষ্টি। ঝড়ের স্বভাবই এমন—হুট করে দেখা দেবে, তারপর লন্ডভন্ড করে দিয়ে বিদায়। তেমন লন্ডভন্ড কাণ্ড না ঘটলেও আচমকা ঝড়ের ঝাপটায় গতকাল বুধবার গ্রন্থমেলার কাঠামো খানিকটা এলোমেলো হয়ে পড়ে। দীর্ঘদিনের রুক্ষ শহরে এই বৃষ্টি আবহাওয়া বেশ কোমল করে তুলেছিল। প্রকৃতির জন্য এই বারিধারা ছিল প্রাণসঞ্চারী। তবে সেই পানি আটকে গিয়ে বাংলা একাডেমী প্রাঙ্গণের অধিকাংশ জায়গাই সয়লাব। বিশেষ করে পূর্ব ও উত্তরের অংশে জমে গেছে আধহাঁটু ঘোলা পানি। পানি কোনো কোনো স্টলের ভেতরেও চলে এসেছে। পানি পড়েছে ওপর দিয়েও, ত্রিপলের ছাউনি চুইয়ে। এ ছাড়া বাতাসের ঝাপটায় পানি এসে অনেক স্টলের বই ভিজিয়ে দিয়েছে। ফলে ঝড়ের পর থেকে বেশির ভাগ স্টলেই বেচাকেনা বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে মেলা খুলেছিল যথারীতি। আবহাওয়াও ছিল রৌদ্রকরোজ্জ্বল। সন্ধ্যার আগে এই আচানক ঝড়বৃষ্টি শুরু হওয়ায় এমন দুর্যোগ সামলানোর কোনো পূর্বপ্রস্তুতিই ছিল না প্রকাশকদের। ফলে কমবেশি প্রায় প্রতিটি স্টলেই বই পানিতে ভিজেছে। প্রকাশকেরা ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে হিসাব করতে পারেননি। বৃষ্টির সঙ্গে বিদ্যুত্-সংযোগও বন্ধ হয়ে যায়। পরে জরুরি ভিত্তিতে স্টলের ভেতরের সংযোগ বন্ধ রেখে শুধু প্রাঙ্গণে আলোর ব্যবস্থা করা হয়। অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ বলেছেন, ‘অবকাঠামো আরও উন্নত হলে অন্তত ছাদ দিয়ে পানি পড়ত না।’ আবার ঐতিহ্য প্রকাশনীর বিক্রয় ব্যবস্থাপক আমজাদ হোসেন বলেছেন, ‘ক্ষতি হয়েছে অনেক, তবে একাডেমীর প্রতি অভিযোগ তুলে লাভ নেই। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তো কারও হাত নেই।’একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘ঝড়ের পর আমি মেলা ঘুরে দেখেছি। অবকাঠামো মজবুত ছিল বলেই এত বড় ঝড়েও কোনো স্টল বিধ্বস্ত হয়নি। তবে পানিতে বই ভিজে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। মেলার শেষ পর্যায়ে এমন একটি দুর্যোগের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। দ্রুত পানিনিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সরে গেলেই স্টলে বিদ্যুত্-সংযোগ দেওয়া হবে।’ তিনি আরও জানান, এবার ২৭ তারিখ সকালে একাডেমীর সেমিনার কক্ষে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এখানে প্রকাশক ও বিদ্যোত্সাহীরা উপস্থিত থাকবেন। মেলার স্থান সম্প্রসারণসহ এর আগামী পরিকল্পনা নিয়ে তাঁরা যে সুপারিশ করবেন, তার আলোকেই মেলার আয়োজন করা হবে। শামসুজ্জামান খান জানান, এ ছাড়া এবার মেলায় সরদার জয়েনউদদীনের নামে সাজসজ্জার জন্য তিনটি সেরা স্টল, শ্রেষ্ঠ প্রকাশনার জন্য চিত্তরঞ্জন সাহার নামে একটি, যিনি বেশি বই কিনবেন তাঁকে পলান সরকার পুরস্কার এবং মোহাম্মদ নূরুল হক গ্রন্থ সুহূদ পুরস্কার দেওয়া হবে মেলা উপলক্ষে বুলেটিন প্রকাশের জন্য।নতুন বই: ঝড়ের দিনেও মেলায় নতুন বই এসেছে ৯২টি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—মিজান পাবলিশার্স থেকে অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর প্রবন্ধ মুক্তিযুদ্ধ ও মুজিববাহিনী, পাঞ্জেরী থেকে শেখ আবদুল হাকিমের উপন্যাস মাফিয়া, কমিউনিকেটিভ পাবলিকেশন থেকে রাবেয়া খাতুনের নির্বাচিত উপন্যাস, কথা প্রকাশ থেকে সেলিনা হোসেনের উপন্যাস দীপান্বিতা, আবদুর রউফ চৌধুরীর প্রবন্ধ স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতা, অন্যপ্রকাশ থেকে আনা ইসলামের গল্প কাসান্দ্রা: ১৯৭৫, সংবেদ থেকে পারভেজ হোসেনের গল্প যে জীবন ফড়িঙের, দোয়েলের ইত্যাদি। এ ছাড়া রয়েছে ঐতিহ্য থেকে শাহাদুজ্জামানের অনূদিত গল্প ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প, গতিধারা থেকে মাহবুবুল হকের প্রবন্ধ বাংলার লোকসাহিত্য: সমাজ ও সংস্কৃতি, মিজান পাবলিশার্স থেকে মুহম্মদ মাহবুব আলীর উপন্যাস মায়াবতি মেয়ে, জাগৃতি থেকে আসজাদুল কিবরিয়ার প্রবন্ধ মুক্তবাজারের দুর্বৃত্তায়ন। আলোচনা: মেলার মূল মঞ্চে গতকাল আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশের প্রকাশনা: তথ্য-উপাত্ত এবং গুণগত মান বিবেচনা’। প্রবন্ধ উপস্থাপন করেন বদিউদ্দিন নাজির, আলোচনা করেন বিমল গুহ, ম. মনিরউজ্জামান ও ইকবাল আজিজ। সভাপতিত্ব করেন মহিউদ্দিন আহমেদ। দুর্যোগের মেঘ কেটে গিয়েছিল সন্ধ্যার পর; এরপর অনেকেই এসেছিলেন মেলায়। আজও মেলা প্রাঙ্গণে আবার সমবেত হবেন গ্রন্থানুরাগীরা।