ঝড়ের কারণে মাওয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত
আকস্মিক ঝড়ে সোমবার রাতে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।ঝড়ে দুটি ফেরির সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। এতে দুটি ফেরি চরে আটকে গেছে। ফেরি দুটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজকে আসতে বলা হয়েছে। মাওয়ার বিআইডব্লিউটিএর ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, লৌহজং টার্নিংয়ের কাছে রাত পৌনে আটটার দিকে ফেরি লেন্টিংয়ের একাংশে ফেরি ঢাকা আছড়ে পড়ে। এদিকে ঝড়ের তাণ্ডবে কাওড়াকান্দির বাংলাবাজারের কাছে ফেরি রানীতে চরে ওঠে যায়। এর কিছু দূরে ফেরি রামশ্রী একইভাবে চরে ছিটকে পড়ে। ফেরি দুটি উদ্ধারে মাওয়া থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওনা হয়েছে। দুটি ফেরিই কাওড়াকান্দি থেকে মাওয়ায় যাচ্ছিল। আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। ঝড়ে হাজরা ড্রেজিং চ্যানেলে মাওয়াগামী ফেরি ‘ভাষা শহীদ বরকত’-এর সামান্য দূরে কাওড়াকান্দিগামী ফেরি ‘যমুনা’ চরে আটকা পড়ে। তবে এগুলো উদ্ধার হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরিঘাটে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসকিরা এলাকায় ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি দোকানপাট তছনছ হয়ে গেছে। উপড়ে গেছে বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ঘরের চালা উড়ে বহু দূরে গিয়ে পড়ে। গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এ ছাড়া ঝড়ে জেলার বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ।জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া রাস্তাঘাট ও বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক অবস্তায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাসস।