ঝড়ের পর যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং: ‘ঘূর্ণিঝড় এখনো হয়তো তার পুরো পাওনা বুঝে নেয়নি।’ জুলফিকার আলী ভুট্টো ৪ মার্চ এক সাক্ষাত্কারে ভেতরের তথ্যটি এভাবেই ফাঁস করেছেন। এর মানে, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী, আমলা, ভূস্বামী ও অভিজাত শ্রেণী পূর্ব পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে আরও রক্ত ঝরাতে চায়।তিন সপ্তাহ পর গত বৃহস্পতিবার সেই রক্তপাত শুরু হয়ে গেছে। যদিও পাকিস্তান সরকার দাবি করছে, লড়াই কার্যত শেষ হয়ে এসেছে। বাস্তবে দুই অসম অংশের মধ্যে গণযুদ্ধ হবে অনেক দীর্ঘমেয়াদি ও রক্তাক্ত।পূর্ব পাকিস্তানে ঘূর্ণিঝড়ে চার থেকে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু প্রকৃত সংখ্যা কত, তা হয়তো কখনো জানা হবে না। তেমনি কারও জানা হবে না, এই গণযুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা কত। কারণ, পাকিস্তান সরকার তথ্য গোপনের চেষ্টা করে যাচ্ছে।পাকিস্তানের পূর্বাঞ্চল নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তাদের মতো করে সংবিধান প্রণয়নের যে অধিকার অর্জন করেছে, নির্বাচনের সময় থেকেই ভুট্টো তা অস্বীকার করে আসছেন।সামন্ত ভূস্বামী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মেধাবী কিন্তু সুযোগসন্ধানী জুলফিকার আলী ভুট্টো সমাজতান্ত্রিক ধাঁচের রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিম পাকিস্তানে নির্বাচনে জেতেন। কিন্তু তিনি যেভাবে রহমানের (শেখ মুজিবুর রহমান) কার্যক্রমে বাধা সৃষ্টি করে যাচ্ছেন, তাতে গরিবের নয় বরং পশ্চিমের অভিজাত শ্রেণীর স্বার্থই রক্ষা করা হচ্ছে।ভুট্টোর বর্জনের হুমকির কারণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে হতাশ রহমান ধর্মঘটের ডাক দিয়েছেন, যা শেষ পর্যন্ত বিস্তৃত হতে হতে পূর্ব পাকিস্তানের প্রায় সব বেসামরিক প্রশাসনের দায়িত্ব গ্রহণে এসে ঠেকেছে। তাঁর দল আওয়ামী লীগ কর্তৃক পূর্ব পাকিস্তানে ধর্মঘট শুরু হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সেনা প্রেরণের খবর আসা অব্যাহত রয়েছে। জাতীয় বিমান সংস্থা ও ঢাকা এয়ারপোর্টের কর্তৃত্ব সরকারের হাতে আছে। জাহাজযোগেও পূর্ব পাকিস্তানে সেনা প্রেরণের অসমর্থিত সংবাদ পাওয়া গেছে।তবে বন্দরে সরকারের নিয়ন্ত্রণ নেই; এখানে আওয়ামী লীগের সমর্থকেরা সেনাবাহিনীর জন্য সরবরাহ করা রসদ বন্দরে নামাতে দিচ্ছেন না। রহমান সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। সীমিত রেশনের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে।সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান হচ্ছে, সংকট শুরুর আগে পূর্ব পাকিস্তানে ২৬ হাজার সেনা অবস্থান করছিল—যেখানে লোকসংখ্যা সাড়ে সাত কোটিরও বেশি। যখন লড়াই শুরু হলো, পাকিস্তানি সেনাসংখ্যা দাঁড়াল ৩০ হাজার বা তারও কিছু বেশি।গত বুধবার (২৮ মার্চ ১৯৭১) সেনাবাহিনীর প্রস্তুতির আলামত দেখা গেছে। কয়েক সপ্তাহ ধরে গোলাবারুদ ভর্তি একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে অপেক্ষা করছে। ডক-শ্রমিকেরা তা বন্দরে নামাতে অস্বীকার করছে। আওয়ামী লীগের বাধা সত্ত্বেও বুধবার সেনাবাহিনী গোলাবারুদ নামানোর চেষ্টা করে।চট্টগ্রাম থেকে প্রাপ্ত অসমর্থিত সংবাদে বলা হয়েছে, সেনাবাহিনীর চলাচল সীমিত করার জন্য রাস্তায় ব্যারিকেড উঠিয়ে দেওয়ার চেষ্টা করার সময় সংঘর্ষ হয়েছে এবং শহরে ১৪টি ট্যাংক নামানো হয়েছে।পূর্ব পাকিস্তানের বিভিন্ন অংশে সেনাবাহিনীর সঙ্গে নাগরিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা ৫০ হতে পারে বলে অসমর্থিত খবরে জানা গেছে।(হেনরি ব্র্যাডশিয়ার, দ্য ইভনিং স্টার পত্রিকার স্টাফ রাইটার। ২৯ এপ্রিল, ১৯৭১-এ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন