ঝড়ের পূর্বাভাসে ব্যর্থতা, তদন্ত কমিটি
উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস সঠিক সময়ে দিতে ব্যর্থ হওয়ার ঘটনা তদন্তে সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল ওয়াজেদ নেতৃত্ব দেবেন। কমিটির সদ্য হিসেবে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, আবহাওয়া অধিদপ্তরের একজন প্রতিনিধি, মহাকাশ গবেষণা সংস্থা স্পারসোর একজন প্রতিনিধি ও বেসরকারি সংস্থা থেকে একজন প্রতিনিধি। তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে। কমিটি মূলত আবহাওয়া অধিদপ্তরসহ সরকারি অন্য সংস্থাগুলো কেন সঠিক সময়ে ঝড়ের পূর্বাভাস দেয়নি, কী সমস্যা হয়েছিল, সঠিকভাবে পূর্বাভাস প্রচার করা হলো না কেন, তা খতিয়ে দেখবে।গত বুধবার গভীর রাতে নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝড় আঘাত হানে। এই আকস্মিক ঝড়ে ২১ জনের মৃত্যু হয়। নিখোঁজ হয় প্রায় আড়াই হাজার মানুষ। সাড়ে ১৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়।