টক চেরি
আমের ভরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম বেড়াতে। পরের দিন গেলাম সেখানকার হর্টিকালচার সেন্টারে। প্রবেশপথের দুই পাশে সুসজ্জিত বৃক্ষরাজি। পুকুরপাড় ঘুরে অফিস প্রাঙ্গণে গিয়ে থামল আমাদের গাড়ি। প্রথমেই চোখে পড়ল ‘ব্যানানা আম’। কৃষিবিদ দিল আতিয়া পারভীন দেখালেন গোলাপি রঙের নান্দনিক মাশরুম। দেখতে অনেকটা ফুলের মতো। কিন্তু আমি খুঁজছিলাম ‘জাবাটিকাবা’ ফল। উদ্যানের প্রধান উদ্যানতত্ত্ববিদ মো. সাইফুর রহমান জানালেন, মাত্র কয়েক দিন আগে শেষ হয়েছে ফলটি। চার-পাঁচটি অপরিপক্ব ফল আছে গাছে। দেখে তৃপ্তি মিটল না। তিনি বললেন, চলুন, অ্যাভোকাডো দেখা যাক। অল্প বয়সী একটি গাছে অ্যাভোকাডো ধরেছে বেশ কয়েকটি। তার পাশেই চেরি ফলের গাছ। গাছজুড়ে সুদর্শন চেরি ফলগুলো (Prunus spp.) যেন ভিন্ন এক ফুলের সৌন্দর্য তৈরি করেছে। মুগ্ধতা নিয়েই ছুটে যাই গাছটির কাছে। পাকা ফলগুলো ঝরে পড়েছে গাছতলায়। একটি তুলে মুখে দিতেই অপ্রস্তুত জিভ চমকে উঠল। এ তো টক চেরি! তবে টক-মিষ্টি যা-ই হোক, চেরি তো। আমাদের দেশে চেরি ফল খুব একটা দেখা যায় না। জানামতে, হুমায়ূন আহমেদের নুহাশপল্লী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে দুটি গাছ আছে। কারও ব্যক্তিগত সংগ্রহেও থাকতে পারে। হিমালয়ের পাদদেশে বার্ড চেরি নামে একধরনের চেরি হয়। হিমালয়ের উদ্ভিদরাজ্যে ড্যালটন হুকার গ্রন্থে দ্বিজেন শর্মা লিখেছেন, ‘স্থানীয় ইংরেজরা বার্ড চেরি জারিয়ে রাখে ও ফল থেকে চমৎকার চেরি ব্র্যান্ডি বানায়।’ খেতে ততটা সুস্বাদু না হলেও টক চেরি সারা পৃথিবীতেই বেশ জনপ্রিয়। ইংরেজিতে Morello বা Sour Cherry নামেই পরিচিত। গাছ প্রজাতিভেদে গুল্ম থেকে শুরু করে আট মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কোনো কোনো জাতের গাছ পাতা ও ডালপালায় বেশ ঝোপালো ধরনের। পাতা ৮ থেকে ১২ সেন্টিমিটার লম্বা, আগা আয়তাকার বা তীক্ষ। ফল দুই সেন্টিমিটার, সাধারণত লালচে বা কালো।টক ও মিষ্টি চেরির গাছ প্রায় একই রকম। পার্থক্য শুধু স্বাদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর বিভিন্ন দেশে ৫০টির বেশি জাতের টক চেরির চাষ হতো। এপ্রিকট, চেরি ও নাশপাতির ফুল দেখতে প্রায় একই রকম। কিন্তু ফুল দেখে ফলের জাত আলাদা করা কঠিন। সারা পৃথিবীতে চেরি ফুল ও ফলের এতই রকমফের যে একটির সঙ্গে অন্যটির পার্থক্য অতি সূক্ষ্ম।