টক বরই, মিষ্টি কুল
ফুলের বাহার শীতে কম নয়, এক গোলাপই অন্যদের মাত করে দেওয়ার জন্য যথেষ্ট। তার ওপর সঙ্গী হিসেবে আছে গাঁদা, ডালিয়া, মল্লিকারা। তবে রং-রূপের বাহার যা-ই থাক, শীত নিষ্ফলা থেকে যেত, যদি একটি কণ্টকময় বৃক্ষ অবদান না রাখত। খুবই জনপ্রিয় ফলটি এখন অজপাড়াগাঁ থেকে রাজধানী অবধি বিকোচ্ছে। শীতের এই অম্ল-মধুর স্বাদের ফলটি হলো বরই।বরই আর কুল একই পরিবারের উদ্ভিদ হলেও প্রজাতিগতভাবে তাদের ক্ষীণ পার্থক্য আছে, ফলের আকার এবং স্বাদেও। অনেকটা একই পিতার একাধিক সন্তানের মতো। বরইয়ের বৈজ্ঞানিক নাম Zizyphus jujube এবং কুলের বৈজ্ঞানিক নাম Zizyphus mauritiana। শীতকালের প্রধান ফল তো বটেই, জনপ্রিয়তা ও পুষ্টিমানের বিচারেও কুল আমাদের দেশের অন্যতম প্রধান ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, ক্যালসিয়ামসহ মূল্যবান খনিজ ও খাদ্যশক্তি আছে। তা ছাড়া এর অম্ল-মধুর স্বাদের কারণে শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই এই মুখরোচক ফলটি বেশ লোভনীয়।উদ্ভিদবিজ্ঞানীরা বলছেন, বরই সম্ভবত চীন দেশেই প্রথম জন্মেছিল প্রায় চার হাজার বছর আগে। মাঝারি আকারের কষ্টসহিষ্ণু বৃক্ষ। শরতে ফুল আসে। শীতে ফল পাকতে শুরু করে ও পাতা ঝরে যায়। আমাদের অতি চেনা গাছ। বরই আমাদের দেশের আদি নিজস্ব ফলগুলোর একটি। বাণিজ্যিকভাবে কেউ বরই চাষ করে না বটে, কিন্তু বসতবাড়ির আশপাশে একটি-দুটি বরইগাছের উপস্থিতি বাংলায় খুবই পরিচিত দৃশ্য। এর ফল গোলাকার। স্বাদ একটু টক ও কষা। মিষ্টির পরিমাণ কম।বরইয়ের তুলনায় কুলকে বরং একটু কুলীন বলে মনে করা হয়। ইদানীং কুল নিয়ে অনেক গবেষণা হচ্ছে। বেশ কয়েক রকমের জাত উদ্ভাবিত হয়েছে এবং সারা দেশে বাণিজ্যিকভাবে চাষও হচ্ছে প্রচুর। তা ছাড়া বাড়ির পাশের বরইগাছটিতেও অনেকে পুরোনো ডালপালা কেটে তাতে খান্দানি কুলের চোখ কলম করে কুলগাছে রূপান্তর করে ফেলেছে। তবে আচারভক্তরা ঠিকই জানে, মিষ্টি কুলে আচার হবে না। আচারের জন্য চাই ওই টক বরই।কুলের আদি নিবাস ভারতবর্ষে। চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রেরও কিছু এলাকায় এবং আফ্রিকায় কুলের চাষ হয়। কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেল, আমাদের দেশে এখন প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কুলের চাষ হচ্ছে। বার্ষিক গড় উৎপাদন প্রায় ১৫ হাজার মেট্রিক টন। বেশ লাভজনক বলে কুল চাষের পরিমাণ প্রতিবছরই বাড়ছে। উন্নত জাতের কুলের মধ্যে সেরা ‘নারকেলি কুল’। রাজশাহী, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা এলাকায় এটি বেশি জন্মায়। আকার লম্বাটে। শাঁস মিষ্টি ও কচকচে। এ ছাড়া কুমিল্লা এলাকায় জন্মায় অনেকটা গোলাকৃতির এক রকমের কুল। এর চলতি নাম ‘ডাবা’ কুল। নারকেলি কুলের মতো এটি তত মিষ্টি নয়। একটু কষা ভাব থাকে। ইদানীং জনপ্রিয় কুলগুলোর মধ্যে রয়েছে ‘আপেল কুল’। আকার অবশ্য খুব বড় নয়। তাবে আপেলের মতো আকৃতি আর রঙে এবং মিষ্টি স্বাদের জন্য খুব দ্রুত আপেল কুল জনপ্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া উন্নত জাতের কুলের মধ্যে আছে ‘ঢাকা-৯০’, ‘বারি কুল-১ ও ২’ এবং সর্বশেষ সংযোজন ‘বাউ কুল’। আপাতত কুল প্রজাতির মধ্যে আকারের দিক থেকে বাউ কুলকে ছাড়িয়ে যাওয়ার কেউ নেই। তবে স্বাদের দিক থেকে সে নারকেলি বা আপেল কুলকে ছাপিয়ে যেতে পারেনি। এই মিষ্টিকুল স্থান পেয়েছে আমাদের লোকছড়াতেও—‘ ইস্টিশনের মিষ্টিকুল/ সখের বাগান গোলাপ ফুল’ (আইকম বাইকম তাড়াতাড়ি)। কারওয়ান বাজারের ফল বিক্রেতা মো. হজরত আলী জানালেন, বাউ কুল বিক্রি হচ্ছে এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি। এক জেজিতে ১৮ থেকে ২০টি পর্যন্ত হয়। আপেল কুল ও নারকেলি কুল সবে উঠেছে। এখন দাম ৮০-৯০ টাকা কেজি। আপেল কুল এক কেজিতে প্রায় ৬০টি ও নারকেলি কুল ৪০ থেক ৪৫টি হয়।কুলের মতো কুলীন না হলেও বরইয়ের দামও কম নয়। আচার, খাট্টা, চাটনি তৈরিতে এর বিকল্প নেই। দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি। প্রতি কেজিতে হয় ৮০ থেকে ৯০টি। ময়মনসিংহ, ঘোড়াশাল, নরসিংদী, শ্রীপুর এলাকা থেকে বরই আসে ঢাকার বাজারে। মিষ্টি কুল আর টক বরইয়ের স্বাদে রসনা তৃপ্ত করার সুযোগ থাকে চৈত্র মাস পর্যন্ত। শীতের এই সময়টায় তাদের এই সঙ্গ নিঃসন্দেহে বড়ই উপাদেয়।