টক-মিষ্টি স্বাদের ডেফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই বলে রাখা ভালো, ডেউয়া আর ডেফল কিন্তু একই ফল নয়। তবে কেউ কেউ ভুল করে ডেউয়া আর ডেফলকে একই ফল মনে করেন। যদিও ফল দুটি টক-মিষ্টি স্বাদের, তবু এগুলো একেবারেই আলাদা দুটি ফল। ডেউয়া মূলত কাঁঠাল পরিবারের ফল।একসময় ঘরের পাশে বুনো ঝোপঝাড়, অগভীর বন বা পাহাড়ি এলাকায় ডেফল বেশি দেখা যেত। বর্তমানে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড় অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাও সংখ্যায় খুবই কম। এ কারণে ডেফল এখন অনেকের কাছেই অচেনা। তবে সহজলভ্যতার কারণে সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে ডেফল বেশ পরিচিত। বৃহত্তর সিলেটে টক বা ডাল রান্নায় এই ফল ব্যাপকভাবে ব্যবহূত হতে দেখা যায়। স্থানীয় মানুষ নানাভাবে এর ব্যবহার করে। অঞ্চলভেদে এই ফলের একাধিক নাম থাকলেও ইংরেজিতে ‘ফলস ম্যাংগোস্টিন’ বা ‘ইয়েলো ম্যাংগোস্টিন’ নামে পরিচিত। ফলের আকৃতি ডিমের মতো হওয়ায় কোথাও কোথাও ‘এগ ফ্রুট’ নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম Garcinia xynthochymus (Syn. G. tinctoria)।আমাদের দেশের কোথাও ডেফল চাষ করা হয় না। শুধু ডেফলই নয়, আমাদের নিজস্ব ফলগুলো নিয়ে উন্নততর কোনো গবেষণা হয় না বললেই চলে। ফলে ভিনদেশি ফলের আধিক্যে আমাদের দেশি ফলগুলো বাজারমুখী হওয়ারই সুযোগ পায় না। অথচ বিদেশি অনেক ফল থেকে তুলনামূলকভাবে আমাদের ফলগুলো বেশি পুষ্টিকর।সম্প্রতি মৌলভীবাজার জেলার সুজানগরে আগরগাছ থেকে সুগন্ধি তৈরির চমকপ্রদ কর্মযজ্ঞ দেখতে গিয়েই পাকা ডেফলের দেখা পাই। এগুলো নিতান্তই বুনো ফল। জন্মে বনবাদাড়ে ও পাহাড়ের অনুচ্চ টিলায়। প্রাচীনকালে কাঁচা ডেফলের আঠা তেলরঙের মাধ্যমে ছবি আঁকায় ব্যবহূত হতো।ডেফল মাঝারি আকারের গাছ। গাছের সব পাতা একসঙ্গে ঝরে পড়ে না। পাতার রং উজ্জ্বল সবুজ, লম্বাটে, কিনারা খাঁজকাটা ও আগা সুচালো ধরনের। ছোট ফুলগুলো ফোটে মার্চ থেকে মে মাসের দিকে, দেখতে ততটা সুদর্শন না হওয়ায় খুব একটা চোখে পড়ে না। ফল গড়নের দিক থেকে খানিকটা লম্বাটে ধরনের, আগা চোখা এবং কিছুটা বাঁকানো। শীতকালে গাছে যখন খুব একটা পাতা থাকে না, তখন ফলগুলো পাকতে শুরু করে। পাকা ফলের রং হলুদ-সোনালি ধরনের। এই ফলের শাঁস সুগন্ধি ও বেশ রসাল। ভেতরে এক বা একাধিক বীজ থাকে। ফল কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রপ্রদাহ সারাতে বেশ কার্যকর। ফলের রস জ্যাম এবং প্রাকৃতিক ভিনেগার তৈরিতে কাজে লাগে। একসময় ডেফল তেঁতুলের বিকল্প হিসেবেও ব্যবহূত হতো।