টক শো বন্ধ করতে বলেছিল ডিজিএফআই
বাংলাদেশে বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গণমাধ্যম চাপের মধ্যে ছিল। গণমাধ্যমে সরকারি নীতির সমালোচনা বা উসকানিমূলক প্রচার নিয়ন্ত্রণ করতে তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিশেষ করে সেনাবাহিনী সংবাদমাধ্যমের ওপর কখনো কৌশলে, কখনো সরাসরি চাপ সৃষ্টি করে। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোকেও তখন তত্ত্বাবধায়ক সরকারের রোষে পড়তে হয়।২০০৭ সালের ২৬ নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পার্সি ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় এসব কথা উল্লেখ করেছেন। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।তারবার্তায় বলা হয়েছে, ২০০৭ সালের ২০ থেকে ২২ আগস্ট দেশব্যাপী সংঘটিত সরকারবিরোধী আন্দোলনের খবর প্রচার করার শাস্তি হিসেবে সরকার দেশের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল সিএসবি বন্ধ করে দেয়। যদিও সরকার দাবি করে, আবেদনপত্রে জাল কাগজপত্র জমা দেওয়ায় চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া চ্যানেলটির এক জ্যেষ্ঠ সাংবাদিক তুষার আবদুল্লাকে সেনানিবাসে পাঁচবার তলব করার ঘটনাও ঘটেছে।তারবার্তায় উল্লেখ করা হয়েছে, আগস্টের বিক্ষোভের সময় সাংবাদিকদের মাধ্যমে দূতাবাস জানতে পারে, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই টেলিভিশন চ্যানেলগুলোকে টক শো বন্ধ করতে বলেছিল। সাংবাদিকদের তথ্যের বরাত দিয়ে তারবার্তায় বলা হয়েছে, জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।সাংবাদিকেরা ঢাকার মার্কিন দূতাবাসকে জানিয়েছেন, সেনা গোয়েন্দা দপ্তর থেকে তাঁদেরকে ফোন করে বিভিন্ন সংবাদ নিয়ন্ত্রণের জন্য চাপ দেওয়া হচ্ছে। এ ছাড়া কীভাবে দিনের সংবাদ প্রচার করতে হবে, সে বিষয়ে অন্য কর্মকর্তারা পরামর্শ দেন। একই বছরের সেপ্টেম্বরে তথ্য উপদেষ্টা মইনুল হোসেনের দপ্তর থেকে টেলিভিশন টক শো চালুর করার বিষয়ে দিক-নির্দেশনামূলক নীতিমালা সরবরাহ করা হয়। টক শোতে সরকারবিরোধী মন্তব্য প্রচার না করার জন্য ওই নীতিমালায় নানা ধরনের নিয়ন্ত্রণমূলক বিধি উল্লেখ করা হয়। সরবরাহকৃত দিক-নির্দেশনায় সরাসরি টক শো প্রচার নিষিদ্ধ করা হয় এবং সব ধরনের বিরোধী মতামত পরিহারের পরামর্শ দেওয়া হয়।তারবার্তায় বলা হয়েছে, এ সময় দেশের শীর্ষ গণমাধ্যমগুলো সংবাদ প্রচারের ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ নীতি অনুসরণ করতে বাধ্য হয় বলেও ওই তারবার্তায় উল্লেখ করা হয়।তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোকেও সরকারের চাপের মুখে পড়তে হয় বলে গীতি পার্সির পাঠানো তারবার্তায় বলা হয়।এ ছাড়া ওই তারবার্তায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে গণমাধ্যমের কণ্টকাকীর্ণ পথ পরিক্রমার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।