টক শো মনিটর হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশনের টক শো এবং সংবাদসহ অন্যান্য অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে মনিটরিং করা হয়। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অপু উকিলের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান পর্যবেক্ষণের জন্য বিটিভিতে পাঁচ সদস্যের একটি মনিটরিং সেল কাজ করছে। এই সেল বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান ধারণ করে এর ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ মনিটরিং সেল গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন।এ এন মাহফুজা খাতুনের (বেবী মওদুদ) প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ২০১১-১২ অর্থবছরে আয় করেছে এক কোটি ৪০ লাখ টাকা। একই সময় সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকা। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আশা করা যায়, এই বছরের জুন মাসের আগেই অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হবে।’সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমের কর্মীদের আবাসন-সমস্যা সমাধানের বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাঁদের বাসস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, বর্তমানে দেশের ৬০ ভাগ মানুষ বিদ্যুত্-সুবিধা পাচ্ছে। সরকার ঘোষিত ভিশন-২০২১ অনুযায়ী ২০২১ সাল নাগাদ দেশের সব মানুষকে বিদ্যুত্ সুবিধার আওতায় আনা সম্ভব হবে।এ বি এম আশরাফ উদ্দিনের (নিজান) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় গত বছর নয় হাজার ৯৬৫ কিলোমিটার নতুন বিদ্যুত্ লাইনের সংযোগ দেওয়া হয়েছে।