টক শোতে অংশগ্রহণকারীরা নিরপেক্ষ নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু বলেছেন, যাঁরা গভীর রাতে টেলিভিশন টক শোতে সরকারের সমালোচনা করেন, তাঁরা বিরোধী দলের লোক। তিনি বলেন, ‘এসব টক শো শুনে আমি অবাক হই। টক শোর অতিথিরা শুধু সমালোচনা করেন। সরকারের সাফল্য তাঁরা তুলে না ধরে একতরফাভাবে সমালোচনা করেন। শুধু দোষ নিয়ে আলোচনা কখনোই নিরপেক্ষ পর্যবেক্ষণ হতে পারে না।’আজ শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বাংলাদেশের যত অর্জন সবই বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লে¬খ করে আমীর হোসেন আমু বলেন, জাতির জনক একটি স্বাধীন দেশ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে ’৯৬ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন এবং বর্তমানে সমুদ্র বিজয়সহ অনেক বড় অর্জন এসেছে। অন্য কোনো রাষ্ট্রনায়কের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো অর্জন আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের এই নেতা। এর পরও টক শোগুলোতে শেখ হাসিনার সমালোচনা হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।প্রতিহিংসা ও প্রতিশোধ নেওয়ার জন্যই বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবির পেছনে কোনো যৌক্তিকতা নেই। তারা মূলত পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই দাবি করছে। কারণ আওয়ামী লীগই আন্দোলন করে বিএনপির কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এসেছিল।আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আমরা যে প্রেক্ষাপটে তত্ত্বাবধায়কের দাবি করে আন্দোলন করেছিলাম, এখন সে অবস্থা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। বর্তমান সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে পাঁচ হাজার নির্বাচন হয়েছে। একটি নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়নি। যে কারণে এখন তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো প্রয়োজন নেই।’তত্ত্বাবধায়ক দাবি নিয়ে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তাদের আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই বলে জনগণ সম্পৃক্ত হচ্ছে না। দেশের জনগণ এ দেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চায় না।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘জনগণই আমাদের সেফটি বাল্ব। জনগণকে সঙ্গে নিয়ে আগামীতেও আমাদের ক্ষমতায় আসতে হবে। কোনোভাবেই আমাদের জনবিচ্ছিন্ন হওয়া যাবে না। দেশে একটি কায়েমি স্বার্থবাদী মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আবাহনী ক্রীড়াচক্রের পরিচালক শেখ মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ।