টক শোতে আমাদের গলা কাটতে ব্যস্ত সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশনে প্রচারিত টক শো সম্পর্কে বলেছেন, ‘মধ্যরাতে টেলিভিশনের টক শোতে আমাদের গলা কাটতে, আমাদের ধ্বংস করতে ব্যস্ত থাকে সবাই।’ তিনি অভিযোগ করেন, ‘ঘুম কামাই দিয়ে রাত জেগে টক শো করে তাঁরা মানুষকে বিভ্রান্ত করছেন।’আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘মধ্যরাতে টেলিভিশনের টক শোতে যাঁরা বক্তব্য দেন, তাঁদের মধ্যে কেউ হয়তো নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। কেউ সরকারের উচ্চপর্যায়ে ছিলেন। সরকারের নিয়ম ভেঙে এমন অনিয়ম করে গেছেন। কিন্তু সেগুলো তাঁরা ভুলে গেছেন। তাঁদের কাছে ছবক শুনতে হয়।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা কথায় অনেক পারদর্শী। কথা অনেক পারেন। মিথ্যা বলায় তো ওনার পারদর্শিতা আছে।’ রামুর ঘটনা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আজকে পেপারে পড়লাম, উনি ছবক দিচ্ছেন সঠিক ঘটনা না জেনে কাউকে দোষারোপ করা ঠিক না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বোধটা ওনার ছিল কোথায়, যখন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উনি আওয়ামী লীগকে দোষারোপ করেছিলেন?’ শেখ হাসিনা অভিযোগ করেন, ‘স্থানীয় সাংসদ রাত সাড়ে ১১টার সময় রামুতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিল কয়েকখানা হোন্ডা। প্রতিটিতে তিনজন করে লোক। তাঁর সঙ্গে কয়েকটি গাড়ি লোকজন নিয়ে ওখানে যায়।’ তিনি বলেন, ‘১২টার সময় ওই জায়গা ত্যাগ করে উনি (স্থানীয় সাংসদ) বাড়ি যেয়ে ঘুমিয়ে থাকেন। আর তিনি চলে যাওয়ার পরপরই ওদিকে সব প্যাগোডা, মন্দির, কিয়াংয়ে আগুন লাগানো শুরু হয়।’