টক শোর আলোচকদের জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন
প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রশংসা করে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সত্য কথা বললে শত্রুর অভাব হয় না। তিনি প্রচারবিমুখ মানুষ। টিভির ক্যামেরা দেখলেই আমাদের মতো ঝাঁপিয়ে পড়েন না। মধ্যরাতের টক শোতে যান না। যাঁরা মধ্যরাতের টক শোতে যান, তাঁদের জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী সত্ ও যোগ্য লোককেই তাঁর উপদেষ্টা করেছেন।’আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থাপিত বিদ্যুতের নতুন উপকেন্দ্র উদ্বোধনের পর সুরঞ্জিত সেনগুপ্ত স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মঞ্চে বসা ছিলেন।তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার সাড়ে তিন বছরে বিদ্যুতের উত্পাদন বাড়িয়ে ছয় হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। বিদ্যুতের উন্নতি হয়েছে, আরও হবে। ২৪ লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে। সরকারের চার হাজার কোটি টাকার একটি প্রকল্প আছে; এর মাধ্যমে আরও ১৮ লাখ নতুন গ্রাহককে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।’স্থানীয় বালুর মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ মুহিবুর রহমান, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিলেট মহানগর আ.লীগের নেতা শামসুল ইসলাম, দিরাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।