টক শোর আলোচকদের হুমকির ঘটনায় ২৬ নাগরিকের বিবৃতি
টিভি চ্যানেলের টক শোতে অংশ নেওয়া আলোচকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় ২৬ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১০ জুন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তুহিন মালিকের গাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়। এতে গাড়ির চালক আহত হন। ঘটনার সময় তুহিন মালিক ওই এলাকায় একটি টিভি চ্যানেলের টক শোতে ছিলেন। হামলাকারীরা তাঁকে না পেয়ে গালাগাল ও হত্যার হুমকি দেয়। হামলাকারীরা ভবিষ্যতে তুহিন মালিককে টক শোতে অংশ না নিতে গাড়িচালককে হুমকি দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমকে টিভি চ্যানেলের টক শোতে অংশ না নিতে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকেও নানাভাবে হুমকি দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী তত্পরতা মতপ্রকাশের অধিকার ও বাক-ব্যক্তির স্বাধীনতার প্রতি চরম আঘাত। নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তারও মারাত্মক হুমকি। সন্ত্রাসী তত্পরতায় জড়িতদের শনাক্ত করে তাদের শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান বিবৃতিদাতারা। তাঁরা উল্লেখ করেন, টেলিভিশনের টক শোর মাধ্যমে জনসাধারণের ইচ্ছার প্রতিধ্বনি ঘটানো হয়ে থাকে। হুমকি ধমকি দিয়ে টেলিভিশনের টক শোতে অংশ নেওয়া থেকে তাঁদের বিরত রাখা যাবে না। বিবৃতিদাতাদের মধ্যে আছেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, প্রবীণ আইনজীবী রফিক উল-হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সাংবাদিক আফসান চৌধুরী ও নুরুল কবির, শিক্ষাবিদ পিয়াস করিম ও আসিফ নজরুল, সাংসদ গোলাম মাওলা রনি, ব্যাংকার মামুন রশীদ, শিক্ষাবিদ আমেনা মহসিন প্রমুখ। বিজ্ঞপ্তি