টক শোর টক-ঝাল-মিষ্টি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের সরকারি টেলিভিশন চ্যানেলের ‘আলোচনা অনুষ্ঠান’ এখন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘টক শো’। একটা সময় ছিল যখন টেলিভিশনের দর্শকেরা ‘আলোচনা অনুষ্ঠান’ শীর্ষক যেকোনো কিছুই এড়িয়ে চলতে চাইতেন। কারণ ছিল ওইসব অনুষ্ঠানের বিষয়বস্তু। খুবই ভারী ওইসব আলোচ্য বিষয় মাথার ওপর দিয়ে চলে যেত সাধারণ দর্শকদের। সে তুলনায় হালে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘টক শো’গুলো অনেক বেশি আকর্ষণীয়। কারণ, এসব টক শোর বিষয়বস্তু রাজনীতি, যা বাঙালির অত্যন্ত প্রিয় একটি বিষয়। রাজনীতি নিয়ে চায়ের দোকান, ক্যানটিন ও বাসাবাড়ির বৈঠকখানায় বাঙালি এমনিতেই ‘টকিং’ চালিয়ে যায় অহরহ। টেলিভিশনের পর্দায় তাই টক শোর আলোচকদের মধ্যে যেন সবাই নিজেরই প্রতিচ্ছবি দেখতে পান। হয়তো এ কারণেই আজকাল টেলিভিশনের টক শো এত জনপ্রিয়।এই টক শোগুলো জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হলো, এগুলো প্রায় সবই সরাসরি সম্প্রচারিত। সরাসরি সম্প্রচারিত হওয়ার কারণে, আলোচকদের কথাগুলো সম্পাদিত হয় না, হয়তো দর্শকেরা তাঁদের কথার মধ্যে খুঁজে পান আন্তরিকতা। কিন্তু সরাসরি সম্প্রচারিত এসব টক শো কিন্তু মাঝেমধ্যেই কারণ হয় বিব্রতকর সব ঘটনার। এই যেমন কিছুদিন আগে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত একটি টক শোতে উপস্থিত একজন মন্ত্রী ও আরেকজন সাবেক মন্ত্রীর মধ্যে বেধে যাওয়া ‘আন্তরিক’ ঝগড়া অবলোকন করার সৌভাগ্য হয়েছে অনেকেরই। সরাসরি সম্প্রচারিত না হলে হয়তো এ ব্যাপারটি লোকচক্ষুর আড়ালেই থেকে যেত।আমাদের দেশে টক শো ইতিমধ্যেই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এক হিসাবে দেখা গেছে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর একটা বড় অংশের দর্শকের কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান টক শো। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর পারিবারিক সিরিয়ালের অত্যাচারে যখন দেশের টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি মার খাচ্ছে, ঠিক তখনই গভীর রাতে প্রায় সবারই চোখ থাকে কোনো না কোনো দেশি চ্যানেলের পর্দায়। কারণ আর কিছু নয়, সরাসরি সম্প্রচারিত বেশির ভাগ টক শো প্রচারিত হয় ঠিক ওই সময়। আমাদের দেশে টক শোগুলো জনপ্রিয় হয়েছে বেশি দিন নয়। সম্প্রতি, একজন শীর্ষ মন্ত্রী ও বিরোধী দলের একজন শীর্ষস্থানীয় নেতার মধ্যে সরাসরি সম্প্রচারিত টক শোতে যা ঘটে গেল, তা নিয়ে অনেকের সমালোচনা থাকতে পারে, হা-হুতাশ থাকতে পারে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে বিচার করলে আমাদের দেশের টক শো এখনো শালীনতার মাত্রা যে ছাড়িয়ে যায়নি, সেটা বুকে হাত দিয়েই বলে দেওয়া যায়। বিশ্বখ্যাত ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট ইউটিউবে একটু হাতড়ে বেড়ালেই কিন্তু আগ্রহীরা পেয়ে যাবেন পৃথিবীর বিভিন্ন দেশের টক শোতে ঘটে যাওয়া এমন কিছু ক্লিপিংস, যেগুলো দেখলে মনে হবে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে অংশগ্রহণকারী আলোচকেরা নিতান্তই ভদ্রলোক। তাঁরা আলোচনার সময় মনে মনে যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠলেও বেশির ভাগ সময়ই শালীনতা বজায় রাখেন। যেভাবেই হোক, তাঁরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারান না।সাম্প্রতিককালে দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতার ঝগড়াকে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখা যেতেই পারে। ইউটিউব হাতড়ালে পাকিস্তান, তাইওয়ান, আর্জেন্টিনা, ভারত প্রভৃতি দেশের টক শোগুলোতে ঘটে যাওয়া এমন সব ঘটনা খুঁজে পাবেন, যেগুলো দেখলে অবাক বিস্ময়ে লক্ষ করবেন, মানুষের মধ্যে আসলেই পশুপ্রবৃত্তি বিদ্যমান।বাংলাদেশের টক শোগুলোতে হাতাহাতির ঘটনা কি ঘটেছে? পাকিস্তানে এটি অহরহই হয়। ভারতের একটি টেলিভিশন চ্যানেলে আলোচনারত দুই মডেলের মধ্যে অকথ্য গালাগাল ও পরিশেষে জুতা ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে। আর্জেন্টিনায় একজন সঞ্চালক তাঁর অনুষ্ঠানে উপস্থিত একজন রাজনীতিকের দুর্নীতি নিয়ে কথা বলায় সেই রাজনীতিক ও তাঁর সাঙ্গপাঙ্গদের হাতে বেদম মার খেয়েছিলেন। টেলিভিশনের দর্শকেরা বিমূঢ় হয়ে লক্ষ করেছিল একটি টক শো কীভাবেই মুহূর্তে রক্তপাতময় হয়ে উঠতে পারে। বাংলাদেশের টক শোয় সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাটি খুব সম্ভবত দ্বিতীয় কোনো ঘটনা, যেটিতে উপস্থিত আলোচকেরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আরেকটি ঘটনা ঘটেছিল ২০১১ সালের দিকে, চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’য়। সেই অনুষ্ঠানেও ঝগড়া-বিবাদ ও গালাগালির ঘটনা ঘটেছিল দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই মধ্যম সারির নেতার মধ্যে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি প্রথম ঘটনা, যাতে নিজেদের জড়িয়ে ফেললেন দুই দলের অন্যতম দুই শীর্ষ নেতা; সবচেয়ে বড় কথা একজন ক্ষমতাসীন মন্ত্রী। কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস চোখে পড়ল। স্ট্যাটাস যিনি দিয়েছেন, তিনি লিখেছেন—মানুষের সত্যিকারের চরিত্র উন্মোচনের জন্য বেশি করে টক শো হওয়া প্রয়োজন। স্ট্যাটাসটির নিচে দেখা গেল ‘লাইকে’র অভাব নেই। অনেকে নানা মন্তব্যও করেছেন। কিন্তু মানুষের চরিত্র উন্মোচনের চেয়েও টক শো সুষ্ঠু গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম, সেটা এ দেশে বুঝতে পারার লোকের যে অভাব নেই, শুভ সংবাদ এটিই।টক শোতে রাজনীতিকেরা অসহিষ্ণু হয়ে পড়তেই পারেন। এতে ‘গেল গেল’ বলে রব তোলার কিছু নেই। ওই রাজনীতিকের অসহিষ্ণু আচরণ গণতন্ত্র না থাকলে কি দেখা যেত? মানুষ কি বুঝতে পারত, তাঁর ভোট দেওয়া প্রতিনিধি কতটা অসহিষ্ণু? গণতন্ত্রের মজা তো এখানেই।গণতন্ত্র দীর্ঘজীবী হোক!নাইর ইকবাল: সাংবাদিক