টকশোগুলো টক মনে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, টিভির টকশোতে সরকারের ব্যর্থতার সমালোচনা ও জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয় বলে প্রধানমন্ত্রীর কাছে এগুলো টক মনে হয়। মানুষের মনের ভাষা বুঝবে, চোখের ভাষা বুঝবে এবং সে অনুযায়ী কাজ করবে—এটাই হলো দায়িত্বশীল সরকারের কাজ। আজ বৃহস্পতিবার বিএনপি-সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি এম এ হাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘দেয়ালের লিখন পড়ুন, পত্রিকা পড়ুন।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, ‘এই সরকারের দুর্নীতি ও চাঁদাবাজিতে মানুষ এখন ত্যক্তবিরক্ত। দেশে-বিদেশে বর্তমান সরকার দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত।’ নজরুল ইসলাম খান বলেন, হলমার্কের হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য শুধু সোনালী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক দায়ী, তা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে কারা ছিল, তা খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। নজরুল ইসলাম খান আরও বলেন, পদ্মা সেতু কেলেঙ্কারির পেছনে কারা রয়েছে, জনগণ তা জানতে চায়। কারণ, পদ্মা সেতু নির্মাণে বিলম্বের কারণে ব্যয় বাড়ছে। এতে করে জনগণের ওপর বাড়ছে ঋণের বোঝা।