টকশোতে আমি কোনো ভুল করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া সম্পর্কে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মন্তব্য করেছেন, ‘ব্যারিস্টার রফিক বেয়াদব টাইপের। উনি সব সময় অশোভন আচরণ করেন। এ কারণে দুই বছর উনি বিএনপি থেকে বহিষ্কার ছিলেন।’গতকাল রোববার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। শাজাহান খান বলেন, ‘টকশোতে আমি কোনো ভুল করিনি। সেই ভদ্রলোক একজন ব্যারিস্টার। অথচ সঞ্চালক তাঁকে আমার কথার মাঝে কথা বলতে নিষেধ করেছেন। তার পরও তিনি চিত্কার করে বলেছেন, শেখ হাসিনা চোর, সরকার চোর। এভাবে বারবার চোর চোর বলেছেন। তখনো আমি বলেছি, আপনি পরে কথা বলেন। এরপর উনি আমাকে স্টুপিড বললেন। এই স্টুপিড বলার পর স্বাভাবিকভাবে একজন মানুষের রাগ হতেই পারে। পরে শুনলাম, উনি বলেছেন স্টপ ইট। চিত্কারের মধ্যে আমি শুনেছি স্টুপিড। একজন মন্ত্রীকে একজন ব্যারিস্টার স্টুপিড বলবে! এটা আমরা সহ্য করতে পারব না।’অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়াত-উদ-দৌলা খান, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সভাপতি জাকির হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সম্প্রতি বেসরকারি টেলিভিশন আরটিভির সরাসরি টকশোতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও রফিকুল ইসলাম মিয়ার মধ্যে তর্ক-বিতর্ক ও বাকবিতণ্ডার একপর্যায়ে সঞ্চালক অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন।