নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গাজীপুরের টঙ্গী বাজারের চ্যানেল ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন একরাম হোসেন (২৫), নুর হক (২৫), মিজানুর রহমান (৫৫) ও হাফেজ মাহবুবুর রহমান (২২)। র্যা ব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে স্থানীয়ভাবে তৈরি নয়টি বোমা, দুটি ছোরা ও ১৩টি সাংগঠনিক বই পাওয়া গেছে। এঁরা আগেও গ্রেপ্তার হয়েছিলেন।গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল শুক্রবার র্যা ব সদর দপ্তরে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, গোপন সূত্রে র্যা ব জানতে পারে, জেএমবির কয়েকজন সদস্য ময়মনসিংহ থেকে ঢাকায় আসার উদ্দেশে টঙ্গীর আবাসিক হোটেল চ্যানেল ইন্টারন্যাশনালে অবস্থান করছেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই চারজন আগেও গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পেয়ে তাঁরা আবার অপরাধে লিপ্ত হয়েছেন।কমান্ডার সোহায়েল বলেন, জেএমবির সদস্যদের কাছ থেকে বোমা উদ্ধার প্রমাণ করে এঁরা এখনো নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে। তাঁরা ছদ্মপরিচয় ব্যবহার করে, সাধারণ মানুষের সঙ্গে মিশে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।র্যা ব জানায়, নুর হক ২০০৪ সালে জেএমবির সঙ্গে যুক্ত হন এবং পরের বছর আগস্টে দিনাজপুরের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ছাড়া পাওয়ার দুই বছরের মাথায় তিনি আবার গ্রেপ্তার হন। আবারও ছাড়া পেয়ে তিনি ঢাকায় এসে প্রথমে রিকশা ও পরে ট্যাক্সিক্যাব চালানো শুরু করেন। ট্যাক্সিক্যাব চালানোর আড়ালে তিনি জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।র্যা ব আরও জানায়, পুরান ঢাকার মালিটোলার একটি গ্যারেজে কাজ করতেন একরাম। ২০০৯ সালের মার্চে তিনি বগুড়ার সারিয়াকান্দিতে গ্রেপ্তার হন। দুই মাস পর তিনি জামিনে মুক্তি পান। মিজানুর ও মাহবুব ২০০৭ সালে ময়মনসিংহের জীবনতলা জামিয়া ইসলামি উলুম কওমি মাদ্রাসা কমপ্লেক্স থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন। তাঁরা দুজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিলেন।