টঙ্গী হাসপাতালে বৃষ্টির পানি, দুর্ভোগে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের নিচতলা পানিতে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত টানা বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালে চিকিত্সাধীন রোগীরা নিদারুণ দুর্ভোগে পড়েছে। রোগীদের ভাষ্য, হাসপাতালের পানির পাম্প বৃষ্টির পানিতে ডুবে বিকল হয়ে গেছে। এতে পুরো হাসপাতালে এখন খাওয়ার পানি নেই। হাসপাতালের আবাসিক চিকিত্সক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী প্রথম আলো ডটকমকে বলেন, বৃষ্টির পানিতে হাসপাতালের নিচতলায় এক্স-রেসহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হতে পারে। তিনি বলেন, মাত্র এক মাস হলো হাসপাতালের সামনের প্রাঙ্গণ উঁচু করা হয়েছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় হাসপাতালে পানি ঢুকেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন জানান, তিনি নিচতলার পানিতে সাপ ও কেঁচো দেখেছেন। বৃষ্টিতে জমে থাকা পানির কারণে জরুরি বিভাগটি নিচতলা থেকে তৃতীয় তলায় সরিয়ে নেওয়া হয়েছে। সেখানেই আপাতত রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। মাহফুজা ইয়াসমিন জানান, হাসপাতালের জেনারেটর, পানির পাম্প, ওষুধের ভাণ্ডার পানির নিচে। বৃষ্টিভেজা ওষুধগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে সেগুলো নষ্ট হয়েছে কি না, তিনি বলতে পারেননি। হাসপাতালে চিকিত্সাধীন জোবেদা পারভীন জানান, তিনি তাঁর সন্তানকে নিয়ে শিশু বিভাগে রয়েছেন। কিন্তু খাওয়ার পানি না থাকায় তার শিশুসন্তানের কষ্ট হচ্ছে।