টঙ্গীতে অস্ত্রধারীদের গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর ন্যাশনাল টিউব কারখানা এলাকায় অস্ত্রধারীদের গুলিতে হযরত আলী (৫০) নামের এক হাউজিং ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি টঙ্গীর দত্তপাড়া এলাকায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাঁর প্রাইভেটকার চালক আরিফ (৩০)। তবে তাঁর সঙ্গী ভগ্নিপতি দুলাল (৩০) অক্ষত রয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও টঙ্গী থানা সূত্র জানায়, সকালে হযরত আলী তাঁর বাড়ি থেকে নিজের গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে ওই কারখানা এলাকায় সকাল সোয়া নয়টার দিকে মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রধারী কয়েকজন যুবক হযরত আলীর প্রাইভেটকারের গতিরোধ করে। পরে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। এতে হযরত আলীর পিঠে, কাঁধে ও পেটে গুলি লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়ির চালক আরিফও গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আরও জানায়, পূর্ব বিরোধের জের ধরে পেশাদার খুনিরাই এ ঘটনা ঘটিয়েছে। তবে বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল ইমাম গাজী গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।