টঙ্গীতে গাড়ি ভাঙচুর, জয়দেবপুরে ট্রেনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে হরতাল চলাকালে আজ মঙ্গলবার সকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গাজীপুরে বিএনপির কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।এদিকে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুবৃত্তরা। তবে সঙ্গে সঙ্গে পুলিশ ও স্টেশনের কর্মীরা আগুন নেভান।

টঙ্গিতে গাড়ি ভাঙচুর ও আগুন

পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগ আলী ও কলেজ গেট এলাকায় আজ সকালে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা তিনটি বাস ভাঙচুর করেন এবং যাত্রীবাহী একটি বাস, সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরতালের সমর্থকদের বাধা দিলে তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ১০ জন। পরে ফাঁকা গুলি ছুড়ে হরতাল-সমর্থনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয়দেবপুরে ট্রেনে আগুন

ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে যাত্রীরা নেমে গেলে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে স্টেশনের কর্মীরা ও পুলিশ আগুন নেভান। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।জয়দেবপুরের স্টেশনমাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, আগুনে একটি বগির দুটি আসন পুড়ে গেছে। হরতাল-সমর্থনকারীরাই আগুন দিয়েছে বলে তিনি মনে করেন।

বিএনপির কার্যালয় ভাঙচুর

দুপুর পৌনে ১২টার দিকে জয়দেবপুর চৌরাস্তায় গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে হরতালবিরোধীরা।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহার অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিল থেকে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।