টঙ্গীতে ছুরিকাঘাতে ব্র্যাক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী এলাকায় আজ রোববার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মো. আবু জাহিদ সরকার (৫৫) দাউদকান্দি এলাকার ব্র্যাকের কোল্ড স্টোরেজের কর্মকর্তা বলে জানা গেছে। তাঁর বাড়ি নেত্রকোনার মজিহাটি গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, টঙ্গীর রূপবানের টেক নামক এলাকায় আবু জাহিদ ভাড়া থাকতেন। দাউদকান্দি যাওয়ার উদ্দেশে আজ ভোর পাঁচটার দিকে তিনি বাসা থেকে বের হন। টঙ্গীর মধুমিতা রেলগেটের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁর পেটের বাঁ পাশে দুবার এবং বাঁ গালে একবার ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আশপাশের লোকজন তাঁর চিত্কার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।