টঙ্গীতে জামায়াতের ৯ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ১০
নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় গাজীপুরের টঙ্গী থেকে আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর নয়জন নেতা-কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জামায়াতের টঙ্গী থানার সহসাধারণ সম্পাদক মো. এরফানুল হক, সুরা সদস্য মাওলানা নুরুল আমিন, জামায়াতের টঙ্গীর থানার রোকন মো. মহিউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, টঙ্গী ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মকবুল হোসাইন, কর্মী মো. আবদুল্লাহ, মো. আশরাফ, মো. রবিউল হাসান, মো. মামুন ও পথচারী আমির হোসেন। জামায়াতের জেলা আমির আবুল হাসেম খানের ভাষ্য, দলের টঙ্গী কার্যালয়ের ভেতরে আজ সকালে কর্মী সম্মেলন শেষে তাঁরা অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বিনা দোষে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে বলে আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়।