টঙ্গীতে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা
গাজীপুরের টঙ্গীতে ইস্রাফিল (৩৫) নামের এক ঝুট ব্যবসায়ীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তেরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে টঙ্গীর দত্তপাড়া হিমারদীঘি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা। নিহত ইস্রাফিল দত্তপাড়া এলাকার আবদুল করিমের ছেলে।ইস্রাফিলের স্ত্রী সাথী জানান, প্রতিপক্ষের লোকজন বেশ কিছুদিন ধরেই তাঁকে গুলি করে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে তিনি টঙ্গী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বাদল ও লিটন নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে ইস্রাফিল বাড়ি ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। পরে আজ সকাল সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া হিমারদীঘি এলাকা থেকে পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হিমারদীঘির পশ্চিম পার থেকে লাশ এবং ১০টি গুলির খোসা উদ্ধার করেছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।