টঙ্গীতে ঝুট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় খলিল (৩৫) নামের এক ঝুট ব্যবসায়ীকে গতকাল বুধবার রাতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় ও টঙ্গী মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টায় গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে খলিল ও দীপু সরকার বসেছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দীপু সরকারের সঙ্গে থাকা একদল যুবক খলিলকে উপর্যুপরি কিলঘুষি ও লাঠিপেটা করে। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিত্সক গুরুতর অবস্থায় খলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ২০১১ সালে দীপু সরকারের মা কাজী নুরুন্নাহারকে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খলিল।নিলুফা ইয়াসমিন অভিযোগ করেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে খুনের মামলায় জড়ানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে দীপুর বাবা মো. শাহাদত্ আলীর নেতৃত্বে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।খলিল ঝুট ব্যবসার মাধ্যমে অর্থবিত্তের মালিক হওয়ায় প্রতিহিংসাবশত শাহাদত্ তাঁর (খলিল) বিরুদ্ধে উঠেপড়ে লাগে বলে অভিযোগ করেন নিলুফা। একই সঙ্গে এ মিথ্যা মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে শাহাদত্ গং খলিলের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এ ব্যাপারে খলিল বাদী হয়ে গাজীপুর জেলা আদালতে একটি মামলা করেন। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে খলিলের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।