টঙ্গীতে দেড় কিলোমিটার সড়ক দখল করে গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরু গলির দুই পাশে টিন-বাঁশ দিয়ে তৈরি সারি সারি গুদাম। একটু এগোলেই চোখে পড়ে গলির মাঝখানে গজিয়ে ওঠা জংলা গাছ। এসব দেখে বোঝার উপায় নেই, এটি আসলে ৬০ ফুট প্রশস্ত একটি রাস্তা।গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার এ রকম চারটি রাস্তা অবৈধ দখল হয়ে আছে। দখলদারদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় কিছু প্রভাবশালী রয়েছেন। রাস্তাগুলো দখলমুক্ত করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন টঙ্গী পৌরসভার মেয়রও।ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে টঙ্গী শিল্প এলাকায় (ন্যাশনাল টিউবস কারখানার সামনে দিয়ে) ৫০ গজের মতো এগোলেই চোখে পড়বে সারি সারি গুদাম। মাছিমপুরে যে সড়কে এসব গুদামের নাম মেথরপট্টি সড়ক। বর্গাকৃতির এলাকা ঘিরে থাকা চারটি সড়কের (প্রায় দেড় কিলোমিটার লম্বা ও ৬০ ফুট প্রশস্ত) একটি এটি। এই চার সড়কে তৈরি করা হয়েছে দেড় শতাধিক গুদাম। দখলের কারণে কেবল হাঁটার পথ আছে, সড়কগুলোর অস্তিত্ব নেই। গুদামগুলো তৈরি পোশাক কারখানা থেকে আসা কাটা কাপড় (ঝুট), পরিত্যক্ত সুতা, কার্টন মজুতে ব্যবহূত হচ্ছে। দিনভর সেখানে চলে ঝুট বাছাইয়ের কাজ। প্রতি গুদামেই ৩ থেকে ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গী পৌরসভার ব্যবস্থাপনায় থাকা মেথরপট্টি সড়ক বিগত চারদলীয় সরকারের আমলেও দখল হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা দখলমুক্ত করা হয়। এরপর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ঝুট ব্যবসায়ী স্থানীয় কয়েকজন সরকার-সমর্থক নেতা ওই সড়কে টিনের ঘর বানান। এঁদের মধ্যে রয়েছেন টঙ্গী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. সোলেমান, যুবলীগের কর্মী মো. খোরশেদ আলম, মো. মঞ্জু। তাঁদের দেখাদেখি টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত মো. সফিউদ্দিন সফি, যুবদলের কর্মী মো. মাসুদ, মো. জাকারিয়া, মো. মহিউদ্দিনসহ কয়েকজন বিএনপি নেতা, ন্যাশনাল টিউবস কারখানার মেকানিক দেলোয়ার হোসেন, টঙ্গীর আনারকলি এলাকার বাদল মোড়ল, মো. হাকিম, মো. জাফরও সড়ক দখল করে ঘর তৈরি করেন। এঁদের কারও রয়েছে একাধিক গুদাম। গুদামগুলোর নম্বরও দেওয়া আছে। কেউ কেউ গুদাম দিয়ে নিজে ব্যবসা করছেন, কেউ ভাড়া দিয়েছেন।৩৮ ও ৩৯ নম্বর গুদাম মো. হাকিমের কাছ থেকে যথাক্রমে তিন ও চার হাজার টাকায় ভাড়া নিয়েছেন মো. ইমন (৩৮) নামের এক ব্যক্তি। এককালীন জামানত হিসেবে দুটি গুদামের জন্য দিয়েছেন ৫০ হাজার টাকা। মো. রিপন (৩৫) নামের এক ব্যক্তি বাদল মোড়লের কাছ থেকে ভাড়া নিয়েছেন ৩২ ও ৩৩ নম্বর গুদাম। একেকটির মাসিক ভাড়া তিন হাজার টাকা। জামানত দিয়েছেন মোট ৪০ হাজার টাকা। একইভাবে আবদুল জলিল, মো. মাসুদ, মো. হানিফসহ অনেকে এককালীন জামানত দিয়ে দোকান ভাড়া নিয়েছেন।সড়ক দখল করে তৈরি গুদাম ভাড়া নেওয়ার ব্যাপারে জানতে চাইলে মো. রিপন বলেন, ‘নেতারা ক্ষমতা দিয়া গুদাম বানাইয়া ভাড়া দিছে। তারাও বেআইনি, আমরাও বেআইনি।’টঙ্গী শিল্প এলাকার কারখানার শ্রমিকেরা বলেন, মেথরপট্টি সড়কের পূর্ব পাশে মেঘনা সড়ক। সড়কটি বন্ধ থাকায় মেঘনা সড়কের পাশে মেঘনা শিল্পগোষ্ঠী, সানোফি, হক শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের অনেক পথ ঘুরে চলাচল করতে হয়। মেথরপট্টি সড়ক দখল হওয়ায় মেঘনা সড়কে ট্রাকের ভিড়ে প্রায়ই যানজট লেগে যায়।সড়কে গুদাম তৈরির বিষয়ে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। মাটি ফেলে ভরাট করে গুদাম তৈরি করা হয়েছে। এতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।’থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সফিউদ্দিন বলেন, ‘সরকার আমার পূর্বপুরুষের জমি শিল্প প্লটের জন্য অধিগ্রহণ করেছে। পরিত্যক্ত রাস্তাটি অন্যরা দখল করে গুদাম তৈরি করায় আমিও করেছি।’এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে গুদাম তৈরি করা বেশির ভাগ ব্যক্তিই জানান, তাঁরা অন্যদের দেখাদেখি গুদাম তৈরি করে ভাড়া দিয়েছেন।জানতে চাইলে টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমতউল্লাহ খান গতকাল বৃহস্পতিবার বলেন, এটি টঙ্গী পৌরসভার সড়ক। সম্প্রতি কিছু লোক ওই সড়কের আরও কিছু অংশ দখলের উদ্যোগ নিচ্ছে বলে শোনা যাচ্ছে। পৌরসভা বিষয়টি পুলিশকে জানিয়েছে। ইজতেমার ব্যস্ততা কমলেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। চার বছরে কেন সড়ক উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়নি, জানতে চাইলে তিনি বলেন, ‘এই সড়ক উদ্ধারের জন্য এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। বিভিন্ন কারণে পৌরসভা রাস্তা দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছে। কারণটা সবারই জানা। এর বেশি আমি আর কিছু বলতে পারব না।’