টঙ্গীতে পুলিশের সোর্স খুন
টঙ্গীর এরশাদনগর এলাকায় গতকাল শুক্রবার আশিকুর রহমান (২৫) নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, গতকাল রাত সাড়ে সাতটার দিকে আশিক ওই এলাকায় তাঁর রিকশার গ্যারেজের সামনে বসে রিকশার ভাড়া জমা নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্রধারী কয়েকজন যুবক তাঁকে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, আশিক বিভিন্ন সময় এলাকার অপরাধী ও অপরাধবিষয়ক কর্মকাণ্ডের খবর পুলিশকে জানাতেন। এরই জেরে দুর্বৃত্তরা তাঁকে খুন করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।