টঙ্গীতে মাদকের ব্যাপক বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে ঢাকার উপকণ্ঠের শিল্পনগর টঙ্গীতে। সব ধরনের মাদকের দেদার বেচাকেনা চলে সেখানে। মুঠোফোনে যোগাযোগ করে ঘরে বসেও পাওয়া যায় যেকোনো ধরনের মাদকদ্রব্য। স্থানীয় সূত্রগুলো জানায়, ঢাকার গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা থেকে প্রতিদিন সন্ধ্যায় বহু তরুণ টঙ্গীতে যায় মাদক সেবন করতে ও কিনতে। আবার ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে ইংরেজিমাধ্যম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদক সরবরাহ হয় টঙ্গী থেকে।টঙ্গীতে স্থানীয় কিংবা জাতীয় পর্যায়ের যেকোনো নির্বাচনে মাদকের বিস্তার বন্ধ করার রাজনৈতিক প্রতিশ্রুতি থাকেই। নির্বাচনে বিজয়ী নেতাকে কখনো কখনো জনমতের চাপে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগও নিতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তাতে কার্যকর কিছু হয় না। কারণ, টঙ্গীতে সব সময় রাজনৈতিক-প্রশাসনিক ছত্রছায়ায়ই মাদকের ব্যবসা পরিচালিত হয়ে এসেছে। নেতৃবৃন্দ কী বলেন: পৌর মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমতউল্লা খান প্রথম আলোকে বলেন, ‘টঙ্গীতে মাদক মোকাবিলায় অনেক উদ্যোগ নিয়েছি। নিজে গিয়ে মাদক স্পট ভেঙে দিয়েছি, লোক ধরেছি। আমাকে কাফনের কাপড় পাঠানোর পর তৎপরতা বন্ধ করে দিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।’ সাবেক সাংসদ ও বিএনপির নেতা হাসান উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘মাদক মোকাবিলায় টঙ্গীতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলাম। একপর্যায়ে তা বন্ধ করতে হয়েছে। কারণ, সবার সহযোগিতা পাওয়া যায়নি। মাদক নিয়ন্ত্রণ করতে হলে সবার সম্মিলিত উদ্যোগে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। স্থানীয় নাগরিক সংগঠন টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোস্তফা হুমায়ূন হিমু প্রথম আলোকে বলেন, শুধু ব্যবসা নয়, টঙ্গী মাদকের ট্রানজিট হিসেবেও ব্যবহূত হচ্ছে। মাদককে কেন্দ্র করে এখানে ঘটে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। মাদক বেচাকেনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক শক্তিশালী। এরা সরকার বদলের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীনদের আশ্রয় নেয়। মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি। রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।মাদকের ব্যবসার স্থানগুলো: মাদকের কেনাবেচা চলে টঙ্গীর প্রায় সর্বত্র। তবে রেলস্টেশনসংলগ্ন রেললাইন, কেরানিরটেক বস্তি, ব্যাংকের মাঠ বস্তি, বরানবস্তি, পরান মণ্ডলেরটেক, দত্তপাড়া-এরশাদ নগর, টঙ্গী বাজার, উত্তর আউচপাড়া, নিশাত বস্তি ও হাজি সাহেবের মাজার মাদক ব্যবসার প্রধান প্রধান কেন্দ্র।এর প্রতিটি কেন্দ্রে সব ধরনের মাদকদ্রব্য পাওয়া গেলেও একেকটি কেন্দ্র একেকটি পণ্যের জন্য বিখ্যাত। যেমন, কেরানিরটেক বিখ্যাত ফেনসিডিল ও ইয়াবার জন্য। ব্যাংকের মাঠ বস্তি গাঁজার জন্য, হাজি সাহেবের মাজার ও বরানবস্তি বিখ্যাত বাংলা (চোলাই) মদের জন্য। ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা টঙ্গীতে আসে মূলত ট্রেনযোগে। আর চোলাই মদ তৈরি হয় টঙ্গীর বিভিন্ন এলাকায়। টঙ্গীতে প্যাথেডিন-জাতীয় মাদক গ্রহণকারীর সংখ্যাও প্রচুর। স্থানীয় রেলওয়ে জংশন এলাকায় প্যাথেডিন গ্রহণকারীর আনাগোনা থাকে প্রায় সব সময়। তবে সন্ধ্যায় সেখানে প্রায় হাট বসে। শহরের মোল্লাবাড়ি এলাকায় একটি ও খাপরা রোডের আরেকটি রিকশা গ্যারেজে ইয়াবা বিক্রি হয়।সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সন্ধ্যা নামতেই বিভিন্ন স্থানে রেললাইনের ওপর মানুষের জটলা বাড়তে থাকে। বিভিন্ন স্থানে চার-পাঁচজন করে মানুষ একত্রিত হয়ে মাদক গ্রহণ করে, তারা নেশায় ডুবে থাকে। এক জায়গায় রেললাইনের পাশে একটি মাজারে পতাকা উড়তে দেখা যায়। সেখানেও চলে মাদক গ্রহণ ও বেচাকেনা। সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পায় না। নিয়ন্ত্রক কারা: টঙ্গীর মাদক ব্যবসার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, তখন তাদের অনুসারী কিছু লোক এই ব্যবসা পরিচালনা করে। তবে অংশীদার থাকে অন্যান্য দলের লোকও। মাদকের প্রতিটি স্পট নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকে। এরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে অবাধে এ ব্যবসা চালিয়ে যায়। বছর দুয়েক ধরে টঙ্গীতে মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক যুবলীগের স্থানীয় এক নেতা। তাঁর সম্পর্কে খোঁজখবর নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে প্রায় দুই মাস ধরে তিনি নিখোঁজ। তাই তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর নিখোঁজ হওয়াও রহস্যজনক। শহরের মধ্য থেকেই কয়েক ব্যক্তি তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন। এ সময় তাঁর এক আত্মীয় সঙ্গে ছিলেন। কিন্তু এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি হয়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে মুখ খুলতে চান না। আত্মীয়স্বজন ওই নিখোঁজ ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে পরিবার থেকে বলা হয়, সে আছে।মাদকের বিস্তার সম্পর্কে জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম প্রথম আলোকে বলেন, টঙ্গী এলাকায় মাদকের বিস্তার পাকিস্তান আমল থেকে। এ কথা সবাই জানে। আমাদের সাধ্যমতো সব ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। ফলে আগের চেয়ে এখানে মাদক বেচাকেনা অনেক কমেছে। মাদক নিয়ন্ত্রণের সব দায় শুধু পুলিশের ওপর দিলে হবে না। সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।