টঙ্গীতে শ্রমিকদের ৪ ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে আজ শনিবার ঢাকা টোব্যাকো সিগারেট কারখানার শ্রমিকেরা টঙ্গী-কালীগঞ্জ সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন। বেতন বাড়ানোর দাবিতে তাঁরা সড়কের মরকুন এলাকায় অবরোধ দেন। এ সময় ঘটনাস্থলের দুই দিকে আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সড়কের মরকুন এলাকায় যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। বেলা ১১টার দিকে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিচ্ছিন্ন হয়ে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তাড়া খেয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করে অবরোধে আটকে পড়া যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ২০টির বেশি যানবাহনের কাচ ভাঙচুর করে। এতে শ্রমিক, যাত্রী, পথচারীসহ ২০ জনের বেশি আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটার কথা স্বীকার করেছেন। তবে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পরিমাণ তিনি তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি আরও জানান, বেলা পৌনে ১২টায় দিকে সড়ক যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে।