টঙ্গীতে সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর রুগ্ণ দশা
এককালে সুতাকলের দক্ষ শ্রমিক ইদ্রিস আলী (৫৫) এখন টঙ্গীর চেরাগআলী বাজারের একটি কারখানার গেটে চা-বিক্রেতা। কাদেরিয়া টেক্সটাইল মিলে চাকরি করেছেন ২৩ বছর। কিশোর বয়স থেকে কাজ শেখা, হেলপার থেকে মেশিন-চালক হওয়া, দক্ষ হাতে উন্নত মানের সুতা তৈরি—ইদ্রিসের কাছে সবই এখন স্মৃতি।কিশোর বয়সে জীবিকার তাগিদে কুমিল্লার মতলব উপজেলার ষাটনল গ্রাম থেকে এসে এই পেশায় হাত পাকালেও চাকরি করতে পারেননি শেষ পর্যন্ত। চায়ের দোকান করে পাঁচজনের সংসার চলে না। তার ওপর ১০ হাজার টাকার দেনা। ইদ্রিস আলীর এ অবস্থা থেকে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলসের কয়েক হাজার শ্রমিকের দুরবস্থার চিত্র ভেসে ওঠে। শুধু কাদেরিয়া নয়, সরকারি মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানগুলোরও অবস্থা ভালো নয়। ষাটের দশকে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে টঙ্গীতে। দেশ স্বাধীনের পর এ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। আশির দশকের পর থেকে বিটিএমসি-পরিচালিত প্রতিষ্ঠানগুলো রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হতে থাকে। একপর্যায়ে টেক্সটাইল মিলস করপোরেশনের বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অলিম্পিয়া টেক্সটাইল, মেঘনা টেক্সটাইল ও মন্নু কটন মিলসের দুটি প্রতিষ্ঠান শ্রমিকদের ব্যবস্থাপনায় দেওয়া হয়। ব্যবস্থাপনায় নানা অনিয়মের কারণে সেগুলোও ভালোভাবে চলছে না। এরই মধ্যে জিন্নাত টেক্সটাইল, নিশাত জুট মিল, আশ্রাফ টেক্সটাইল ও সাতরং টেক্সটাইল বিক্রি হয়েছে। সরকার-পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলো ঝিমিয়ে পড়ার কারণে শিল্পনগর টঙ্গীও ঝিমিয়ে পড়তে থাকে।টঙ্গীর শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, টঙ্গী শিল্পনগরের পুরোনো ঐতিহ্য এখন আর নেই। যথাযথ ব্যবস্থাপনার অভাবে সরকার-পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানগুলোর রুগ্ণ দশার কারণে শিল্পনগর টঙ্গীর পুরোনো চেহারা বদলে গেছে।শিল্পনগর হিসেবে গড়ে ওঠার পর টঙ্গী ছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, ফেনী, সিলেট, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা ছুটে আসেন কাজের সন্ধানে। কিন্তু আশির দশকে শিল্পপ্রতিষ্ঠানগুলো রুগ্ণ হয়ে যাওয়ার কারণে শিল্পনগর টঙ্গীর চেহারা বদলাতে থাকে।চেরাগআলী বাজারের বাসিন্দারা জানান, গোটা এলাকায় ছিল শ্রমিকদের পদচারণা। সড়কের ওপরে ট্রাক দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। এসব শিল্পপ্রতিষ্ঠান ঘিরে এলাকার ব্যবসা-বাণিজ্যও ছিল জমজমাট। বহু মানুষ নানা কাজে সম্পৃক্ত থেকে জীবিকা নির্বাহ করেছে। কিন্তু শিল্পপ্রতিষ্ঠানগুলো ঝিমিয়ে পড়ায় সড়কের ওপর বসছে হাটবাজার। গোটা সড়ক পরিণত হয়েছে ট্রাকস্ট্যান্ডে। রাস্তায় জমেছে ময়লা-আবর্জনা।এখন অনেক ময়লা-আবর্জনা, জঞ্জাল আর ট্রাকস্ট্যান্ড পেরিয়ে ঢুকতে হয় কাদেরিয়া টেক্সটাইল মিলে। না ঢুকেই বোঝা যায় ভেতরের অবস্থা। জোড়াতালি দিয়ে কোনোমতে সাইনবোর্ডটি টাঙিয়ে রাখা হয়েছে। অনেক টাকা দেনার বোঝা নিয়ে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে টঙ্গীর প্রধান সড়কের পাশে। ভেতরে মেশিনগুলো অকেজো পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে সব ধরনের মালামাল। প্রধান ভবনের ছাদের ওপরে প্রতিষ্ঠানের অফিস চলছে। দেখলে মনে হয়, এটি একটি পরিত্যক্ত ভবন, তবু এখানে অফিস চলছে। কর্মকর্তা-কর্মচারীরা আসেন। গেটে দাঁড়িয়ে থাকেন নিরাপত্তাকর্মীরা। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) দেশের আরও কিছু প্রতিষ্ঠানের পাশাপাশি কাদেরিয়া টেক্সটাইল মিল পরিচালনা করত। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটি জমজমাট থাকলেও পর্যায়ক্রমে ঝিমিয়ে পড়তে থাকে। ১৯ দশমিক ২৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির বার্ষিক উ ৎ পাদনক্ষমতা ছিল নয় লাখ ৬৮ হাজার কেজি। এখানে উন্নত মানের সুতা উ ৎ পন্ন হতো।১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পরীক্ষামূলক উ ৎ পাদন শুরু করে ১৯৬৩ সালে। বাণিজ্যিক উ ৎ পাদনে যায় ১৯৬৪ সালে। চালু অবস্থায় এ প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ১২ হাজার শ্রমিক কাজ করেছেন। কাদেরিয়া টেক্সটাইল মিলসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের কাছ থেকে জানা গেছে, ক্রমাগত লোকসানের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে প্রতিষ্ঠানটির শ্রমিকদের স্বেচ্ছা-অবসর দেওয়া হয়। ২০০৪ সালে এটি সার্ভিস চার্জের ভিত্তিতে চালু হয়। ২০০৫ সালে আবার বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে আবারও চালু করা হয় এবং ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ প্রতিষ্ঠানে দুজন কর্মকর্তা ও চারজন কর্মচারী স্থায়ী ভিত্তিতে রয়েছেন। ২৪ জন কর্মচারী ও চারজন শ্রমিক রয়েছেন দৈনিক ভিত্তিতে।কাদেরিয়া টেক্সটাইলের মহাব্যবস্থাপক জুলহাস মিয়া প্রথম আলোকে বলেন, সার্ভিস চার্জের ভিত্তিতে প্রতিষ্ঠানটি চালুর চেষ্টা করা হয়েছে। কিন্তু আগ্রহী প্রতিষ্ঠান না পাওয়ায় চালিয়ে রাখা সম্ভব হয়নি। বর্তমানে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে।সরকারের উদ্যোগের অভাব ছিল দাবি করে কাদেরিয়া টেক্সটাইলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সরকার চেষ্টা করলেই কারখানাটি চালু রাখতে পারত। এই প্রতিষ্ঠানের মেশিনগুলো কোনো কোম্পানির কাছে ভাড়া দিয়েও অনেক টাকা পাওয়া যেত। শ্রমিকেরা কাজ পেতেন।টঙ্গী পৌরসভার মেয়র আজমতউল্লা খান প্রথম আলোকে বলেন, শুরুতে অনেকটা পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে টঙ্গী শিল্পনগর। পরে আর এ নগরকে বিন্যাসের পরিকল্পনা নেওয়া হয়নি। শিল্পপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, হাটবাজার গড়ে উঠেছে কোনো পরিকল্পনা ছাড়াই। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে টঙ্গী আবার নতুনভাবে গড়ে উঠবে।