টঙ্গীর ১০০ কেন্দ্রেই আজমতের হার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৩৯২ কেন্দ্রের মধ্যে ৩৩৪টিতেই হেরেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান। এর মধ্যে টঙ্গির ১৩৩ কেন্দ্রের মধ্যে ১০০টিতেই হেরেছেন তিনি। আজ রোববার ভোরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা শেষ হয়। এই নির্বাচনে এক লাখ ছয় হাজার ৫৭৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন আজমত উল্লা খান। নির্বাচনে টেলিভিশন প্রতীক নিয়ে এম এ মান্নান পেয়েছেন তিন লাখ ৬৫ হাজার ৪৪৪ ভোট। আর দোয়াত-কলম প্রতীক নিয়ে আজমত উল্লা পেয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট। নির্বাচনে মোট ৬৩ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।৩৯২টি ভোটকেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৩৪টি কেন্দ্রেই পরাজিত হয়েছেন আজমত উল্লা। আর যে ৫৮টি কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন, সেখানেও ভোটের ব্যবধান খুব সামান্য। সাবেক টঙ্গী ও গাজীপুর পৌরসভা এবং কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, কাউলতিয়া ও বাসন—এই ছয়টি ইউনিয়ন নিয়ে গাজীপুর সিটি করপোরেশন। টঙ্গী আজমত উল্লার নিজের এলাকা, যেখানে তিনি ১৮ বছর পৌর মেয়র ছিলেন। টঙ্গীর মোট ভোটার তিন লাখ ২৬ হাজার ৯৩৮। এখানকার ১৩৩টি কেন্দ্রের ১০০টিতেই পরাজিত হয়েছেন আজমত। এ ছাড়া টঙ্গীতে ভোট পড়েছে অনেক কম। বিএনপি প্রার্থীর এলাকাগুলোতে যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে, সেখানে টঙ্গীর অধিকাংশ কেন্দ্রে ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে। টঙ্গীর অন্যান্য কেন্দ্রে হারলেও যেখানে তিনি ভোট দিয়েছেন সেই উইলস লিটল ফ্লাওয়ার কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। এই কেন্দ্রে ১১৩২ ভোট পেয়েছেন আজমত। আর মান্নান পেয়েছেন ৬২১ ভোট।সাবেক গাজীপুর পৌরসভার ভোটার এক লাখ ২৯ হাজার ৮৬২ জন। ১৯৮৬ সালে পৌরসভা গঠিত হওয়ার পর গাজীপুর শহরে কখনো আওয়ামী লীগ হারেননি। ১৯৯১ সালের সংসদ নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনেও সদর আসনটি হারায়নি আওয়ামী লীগ। কিন্তু এবার সাবেক গাজীপুর পৌরসভার ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪১টিতেই পরাজিত হয়েছেন আজমত উল্লা। গাজীপুরের সবচেয়ে বড় ইউনিয়ন গাছা। এখানে মোট ভোটার এক লাখ ৩৫ হাজার ৩১৭ জন। ১৯৮৮ সালের পর গাছার স্থানীয় নির্বাচনে সব সময়ই জিতেছে আওয়ামী লীগ। কিন্তু এবার এখানকার ৪৬টি কেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটিতে জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা। আহসান উল্লা মাস্টারের এলাকা পূবাইল। সেখানকার ভোটার ৩৫ হাজার ৩১৭ জন। আজমত উল্লা সবচেয়ে বেশি জয় পেয়েছেন সেখানে। সেখানকার ২১টি কেন্দ্রের মধ্যে ১০টিতে জয় পেয়েছেন তিনি। গাজীপুরের কাশিমপুরের মোট ভোটার এক লাখ ছয় হাজার ৮৬৫। সেখানকার ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টিতেই হেরেছেন আজমত। কোনাবাড়ির মোট ভোটার এক লাখ ৩৩ জন। সেখানকার ৩৫টি ভোটকেন্দ্রের সবগুলোই হেরেছেন তিনি। একই অবস্থা কাউলতিয়ায়। সেখানকার ২৯টি ইউনিয়নের সবগুলোতেই হেরেছেন আজমত। বাসনের ৩৪টি কেন্দ্রের মধ্যে কেবল বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জয়ী হয়েছেন আজমত, তা-ও মাত্র এক ভোটের ব্যবধানে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক প্রথম আলো ডটকমকে বলেন, এই নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। আজমত উল্লার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও সাংসদ জাহিদ আহসান বলেন, ‘দুই প্রার্থীর মধ্যে তুলনা করলে আজমত উল্লা অনেক বেশি যোগ্য। কিন্তু হেফাজত, ধর্মীয় ইস্যুসহ জাতীয় সব বিষয় নির্বাচনে গুরুত্ব পেয়েছে। ভোটারদের ভুল বুঝিয়ে প্রচার চালিয়েছে বিএনপি। এসব কারণেই হয়তো পরাজয়।’