টনি ব্লেয়ার ২০ আগস্ট সস্ত্রীক ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তিন দিনের সফরে ২০ আগস্ট সস্ত্রীক ঢাকায় আসছেন। তিনি টনি ব্লেয়ার ফেইথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বিকাশে কাজ করে থাকে লন্ডনভিত্তিক এই দাতব্য প্রতিষ্ঠানটি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ঢাকা সফরের সময় টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে ভিভিআইপি প্রটোকল দেওয়া হবে।ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সফরের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। একজন কূটনীতিক জানান, সফরটি ব্যক্তিগত হওয়ায় এ ব্যাপারে হাইকমিশন সরাসরি জড়িত নয়।জানা গেছে, পারস্পরিক ধর্মবোধ বর্তমানের আধুনিক বিশ্বে মঙ্গলের এক প্রভাবকশক্তি—এ বিষয়বস্তুকে সামনে রেখে বাংলাদেশে তরুণদের একটি সমাবেশে টনি ব্লেয়ারের বক্তৃতা করার কথা রয়েছে।অবশ্য বার্তা সংস্থা ইউএনবি জানায়, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের আমন্ত্রণে টনি ব্লেয়ার ও চেরি ব্লেয়ার বাংলাদেশে আসবেন। এর আগে এ বছরের জানুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন চেরি ব্লেয়ার।